এবার গাজায় চালানো দখলদার ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে মুখ খুলেছেন মার্কিন পপতারকা ম্যাডোনা। দীর্ঘদিন ধরে গাজার মানুষদের উপর আমানবিক বর্বরতা চালিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন। এই আগ্রাসনের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গাজার শিশুরা, যেটা সহ্য করতে পারছেন এই মার্কিন সংগীতশিল্পী।
তাই নতুন দায়িত্ব নেয়া পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে তিনি বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা বলেন, ‘‘একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার।’’
পোপকে উদ্দেশ্য করে ম্যাডোনা বলেন, আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন যাকে গাজায় প্রবেশে বাঁধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।’’
উল্লেখ্য, প্রয়াত পোপ ফ্রান্সিসের মতো বর্তমান পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন।
গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চললেও সেখানে গত কয়েকমাস ধরে অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। ফলে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে শিশুরা অনাহার এবং অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।
এদিকে গাজা নিয়ন্ত্রণে নিলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো গাজার নিয়ন্ত্রণ নেওয়া।
তবে নেতানিয়াহু সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সংঘাত সম্প্রসারণ এবং গাজা শহর দখলের পরিকল্পনা ঘোষণা করার পর থেকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হচ্ছে। ইতোমধ্যে ইউরোপসহ বিশ্বের বেশকিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
/এমএস