জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তার একমাত্র মেয়ে আইরা তেহরীম খান। একসঙ্গে তাদের ঘুরে বেড়ানো কিংবা ভ্রমণের বই প্রকাশ মিথিলাভক্তরা জানেন। এবার মেয়েকে নিয়ে মডেল হয়েছেন মিথিলা। তার হাত ধরেই অভিনয়ে অভিষেক হলো মেয়ে আইরা তেহরীম খানের।
প্রথমবার আইরা একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছে। আর এই বিজ্ঞাপনচিত্রে সহশিল্পী হিসেবে কাজ করেছেন মা মিথিলা।
বিজ্ঞাপনচিত্রটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ফেস ওয়াশের এই বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন ‘হাসিনা: আ ডটারস টেল’-খ্যাত নির্মাতা পিপলু আর খান।
বিজ্ঞাপনের পাশাপাশি মা ও মেয়ে দুজনেই প্রসাধনী পণ্যটির শুভেচ্ছাদূত হয়েছেন।
মেয়ে আইরার অভিষেক প্রসঙ্গে গণমাধ্যমকে মিথিলা বলেন, ‘প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। পরে ভেবেচিন্তে রাজি হই দুজনে। বিজ্ঞাপনচিত্রটি আশা করি সবার ভালো লাগবে। এটি প্রকাশ্যে আসার পর থেকেই বেশ সাড়া পাচ্ছি দর্শকদের কাছে।’
মেয়েকে নিয়ে মিথিলা বলেন, ‘যদিও এটা বিজ্ঞাপনচিত্র, তবু এখানে অভিনয়টা রয়েছে। সে অর্থে আইরার প্রথম অভিনয় এবং আমার সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। গল্পটা শোনার পরই ও রাজি হয়েছিল। এরপর অডিশন নেওয়া হয়, সেখানে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল। নির্মাতাকে ধন্যবাদ, তিনি সামলে নিয়েছিলেন।’
জানা গেছে, জুলাইয়ের শেষ সপ্তাহে এর শুটিং করেছিলেন তারা।
/এমএস