হালের ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন জাত অভিনেত্রী হিসেবে। যার প্রমাণ তিনি বিগত কয়েক বছরে তার অভিনীত বহু নাটকে রেখেছেন। এরই মধ্যে আরও একটি নাটকে অভিনয় করে তিনি নতুন করে নিজেকে চিনিয়েছেন। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন।
শহুরে জীবনের সাধারণ একটি গল্প। কিন্তু এ গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। খুব সাধারণ জীবন যাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে ওঠে। তার এই বেপরোয়া জীবনের কারণে এক সময় সে তার বাবা-মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন, আশা, ভালোবাসা। সাধারণ জয়িতা থেকে বেপরোয়ো জয়িতা হয়ে ওঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয়ে দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এ নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
তানিয়া বৃষ্টি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি যতগুলো নাটকে অভিনয় করেছি তার মধ্যে এ নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক। তুহিন ভাই এত চমৎকার একজন পরিচালক আর এত যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে ওঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সঙ্গে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি গল্পের জন্য।’
‘জয়িতার দিনরাত্রি’ নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব। এরই মধ্যে বৃষ্টি অভিনীত আরও প্রচার হয়েছে তাইফুর জাহান আশিক পরিচালিত ‘গরিবের বউ’, বর্ণনাথের ‘চাকরি সূত্রে পাওয়া বউ’, সৈয়দ শাকিলের ‘টোনাটুনির সংসার’, জুবায়ের ইবনে বকরের ‘বউ বেশি বুঝে’সহ বেশকিছু নাটক। এর মধ্যে তিনটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। শুধু বর্ণনাথের নাটকে বৃষ্টির বিপরীতে আছেন শামীম হাসান সরকার। তানিয়া বৃষ্টি সম্প্রতি নিলয় আলমগীরের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।