জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। এই তারকা দম্পতিকে শোবিজের কোনো অনুষ্ঠানে একসঙ্গে খুব বেশি দেখা যায় না। কোথাও কেউ কাউকে নিয়ে তেমন বেশি কথাও বলেন না। তাই মাঝে মধ্যেই তাদের সংসার জীবন নিয়ে নানা মুখরোচক কথা উড়ে বেড়ায় শোবিজ অঙ্গনে। শোনা যায়-সংসাব জীবনে ভালো নেই জাহিদ-মৌ। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান।
বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে পডকাস্টে জাহিদ হাসান জানান, দাম্পত্যজীবনে ভালো আছেন তারা। অভিনেতার কথায়, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এজন্য এসব বলে বেড়ায়। ’
জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। অনুষ্ঠানে খানিকটা আবেগপ্রবণ হয়ে এই অভিনেতা বলেন, ‘মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনো ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ। ’
দু’জনকে একসঙ্গে দেখা না যাওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও যাই না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার বিচ্ছু নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সেই দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।’
জাহিদ হাসান আরও জানান, তার সাবেক প্রেমিকার কথাও জানেন মৌ। এ নিয়ে মৌ তার সঙ্গে অনেক সময় মজাও করেন।
উল্লেখ্য, নব্বয়ের দশকে তুমুল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অন্যদিকে দেশসেরা মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। ‘ইত্যাদি’র একটা মিউজিক ভিডিও করতে গিয়ে প্রথম পরিচয় দু’জনের। এরপর প্রেম। ১৯৯৬ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে এসেছে ছেলে পূর্ণ ও মেয়ে পুষ্পিতা।
/এমএস