ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ঢাকাই চলচ্চিত্রে তাদের অভিনীত বেশিরভাগ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। কিছুদিন আগেই অভিনেত্রী বর্ষা সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মূলত সন্তানদের কথা চিন্তা করেই রুপালি পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী। এবার স্ত্রীর পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষার স্বামী ও অভিনেতা অনন্ত জলিলও।
তাদের সবশেষ অভিনীত ছবি ‘নেত্রী দ্য লিডার’-এর কাজ ইতোমধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, ‘হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে— এটা ভালো দেখায় না।’’
এ অভিনেতা আরও বলেন, ‘‘আমার দুই ছেলে কুরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কুরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি- আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাব।’’
স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’
/এমএস