জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে সংগীতশিল্পী হিসেবে তার ব্যস্ততার শেষ নেই। নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত এই তারকা।
এবার জানা গেল তাহসান খান সংগীত জীবনের ২৫ বছরের বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।
২৯ আগস্ট শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটাই জানান তাহসান খান। ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল উল্লেখ করেন এই তারকা শিল্পী।
কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী ৬ সেপ্টেম্বর থাকছে শো। এ ছাড়া ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। মাসজুড়েই অস্ট্রেলিয়ার শহরগুলো গানে গানে মাতাবেন তাহসান।
সামাজিক মাধ্যমে এ খবর প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।
/এমএস