ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি

যে কারণে ভয়ে থাকেন কিয়ারা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
যে কারণে ভয়ে থাকেন কিয়ারা
কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নতুন সিনেমা ‘ওয়ার ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট এটি মুক্তি পায়। ক্যারিয়ারে ইতোমধ্যে বেশকিছু ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন কিয়ারা। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও সম্প্রতি এ তারকা শুটিং সেটে তার ভয় পাওয়ার অদ্ভুত এক কারণ প্রকাশ করেছেন। 

এই বলিউড তারকা সম্প্রতি স্বীকার করেছেন যে, বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও শুটিং সেটে প্রবেশ করার সময় এখনো তার ভয় কাজ করে। অনুপমা চোপড়ার সঙ্গে এক আলাপচারিতায় অভিনেত্রী জানান, সেটে আলো বা প্রযুক্তিগত যন্ত্রপাতি গায়ের ওপর পড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি খুবই শঙ্কিত থাকেন।

কিয়ারা বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে বড় ভয় হলো লাইট গায়ের ওপর পড়ে যাওয়া। সেটের পরিবেশ সবচেয়ে বিপজ্জনক। মাথার ওপরে এত আলো, তার আর যন্ত্রপাতি থাকে। বিশেষ করে নাচের দৃশ্যে যখন অনেকেই ঝুলন্ত অবস্থায় থাকে, তখন মনে হয়- ঈশ্বর, দয়া করে কেউ যেন আঘাত না পায়। সেই কারণেই আমরা কাজ শুরুর আগে প্রার্থনা করি।’ 

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার ২’-এ কিয়ারাকে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো আয় করেছে।

এর আগে ২০২০ সালে এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে গৎবাঁধা চরিত্রের ফাঁদে না পড়ার জন্য তিনি নিয়মিত প্রার্থনা করতেন। তার ভাষায়, ‘আমি ভাগ্যবান যে ভিন্ন ভিন্ন চরিত্রের সুযোগ পেয়েছি। আমাকে কাজের ক্ষেত্রে আলাদা করে বাক্সবন্দি করা হয়নি।’

এদিকে কিয়ারা বর্তমানে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে তার সহ-অভিনেতা কেজিএফ তারকা যশ। 

/এমএস  

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে বাংলাদেশের সংগীত তারকা হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘মহাজাদু’।
গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। কোক স্টুডিও বাংলায় এটিই হাবিবের প্রথম গান। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে বরণ করা নেওয়া থেকে তার পুরো সফর উঠে এসেছে। 
সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া।

মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার, ২৩ জুন সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। 
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, জাকির হোসেন দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরেই নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাকির হোসেন।

কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম
কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নন্দিত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার আদালত এ আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। শুধু শুধু শাহজালাল (রহ:) এর মাজারে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এজন্য আমরা এই লাশ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’
আবেদনে উল্লেখ করা হয়, সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সালমান শাহর মরদেহ দাফন করা হয়েছে। দীর্ঘদিন পর কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এতে জনমনে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বারবার মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ন করার পাশাপাশি সংঘর্ষের কারণ হতে পারে। এ কারণে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এবং সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং আদালতের কাছে পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্নের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২৪ মে আদালত সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।

 

‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২৬ পিএম
‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা
ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এই অভিনেত্রী নিয়মিত ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করে থাকেন। এর আগেও দেশের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। অনীক দত্তের ‘যত কাণ্ড’ সিনেমায় কাজ করেছেন তিনি। এ সিনেমা দিয়েই টালিউডে যাত্রা শুরু হয়েছে নওশাবার। মঞ্চ নাটকেও কাজ করেন তিনি। তার নাটকের দলের নাম ‘টুগেদার উই ক্যান’। এরই মধ্যে চারটি মঞ্চ নাটক মঞ্চস্থ করেছেন এই দল থেকে। মূলত স্পেশাল চাইল্ডদের নিয়ে এই নাটকগুলো করে থাকেন নওশাবা।
আবারও বাংলাদেশের একটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। আর সিনেমাটি নির্মাণ করেছেন তিনি নিজেই। বিবেশ রায়ের প্রযোজনায় নওশাবার পরিচালনায় সুনামগঞ্জের মধ্যনগর বাজার ও তার আশপাশের এলাকায় ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির নাম ‘সোমেশ্বরী’। সিনেমাটিতে নতুন শিল্পীদের পাশাপাশি মধ্যনগরের স্থানীয় লোকজনও অভিনয় করেছেন। এই সিনেমাটি মূলত নির্মাণ করেছেন নওশাবা, আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন টিম মেম্বার। যারা প্রত্যেকেই সিনেমাটির স্ক্রিপ্টিংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং নির্মাণেও সম্পৃক্ত। 
প্রযোজক বিবেশ রায় ২৫ বছর আগে নায়িকা মুনমন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)কে নিয়ে কাহিনিচিত্র ‘ধানের কাব্য’ নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন পর তিনি সোমেশ্বরী প্রযোজনা করলেন।
সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘সত্যি বলতে এই সিনেমার স্ক্রিপ্ট কী হবে, কারা কারা অভিনয় করবেন তার কোনোকিছুই আমি জানতাম না। আমরা সবাই মিলে জাস্ট চলে গেলাম মধ্যনগর। সেখানে গিয়ে স্ক্রিপ্টটা দাঁড় করালাম, আমার যদিও অভিনয় করার কথা ছিল না। কিন্তু আমি ছাড়া মূল চরিত্রটিতে অভিনয় করার মতো কেউ ছিলও না। যে কারণে শেষ পর্যন্ত আমি অভিনয় করি। আমার চরিত্রটির জন্য আমার যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেই সময়টা আমি পাইনি। আমার আব্বু আমাকে নিয়ে বিভিন্ন সময় শহরের বাইরে গ্রামে গ্রামে ঘুরেছেন বেড়িয়েছেন। যে কারণ গ্রামীণ জীবনযাপন এবং গ্রামের মানুষের চরিত্রগুলো সম্পর্কে আমার জানা। তাই খুব বেশি কষ্ট হয়নি। আবার মধ্যনগরের মানুষজনও আমাকে ভীষণ সহযোগিতা করেছে। তাই আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি আমার আব্বুর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ মধ্যনগরের মানুষজনের প্রতি।’
তিনি আরও বলেন, ‘সোমেশ্বরী মূলত প্রকৃতিতে যে দিনে দিনে বিষ ছড়িয়ে পড়ছে এই বিষয়টাই মূলত তুলে ধরা হবে। বাকিটুকু না হয় দর্শক সিনেমা দেখেই জানুক। আরি আমি কৃতজ্ঞ গ্রিন ফিল্মসের প্রতি কারণ তারা আমাকে, আমাদেরকে সিনেমাটি নির্মাণের সুযোগ করে দিয়েছেন।’
‘সোমেশ্বরী’ নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন ‘গ্রিন ফিল্মস’-এর ব্যানারে। এদিকে নওশাবা নিয়মিত রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে কাজ করছেন সঞ্জয় লীলা বানসালীর নতুন সিনেমায়। এর নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই সিনেমা নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। কারণ সিনেমাটির শুটিংয়ে অঘটন ঘটেছে। গত ১৭ জুন শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪২ বছর বয়সী এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ কারণেই শুরু হয়েছে বিতর্ক। শুটিং সেটে কলাকুশলীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 
জানা গেছে, মুম্বাই ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে এ ঘটনা ঘটে। সে সময়ে শুটিং করছিলেন আলিয়া ভাট। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারী সিংহ যাদব নামে ওই ব্যক্তির। শুটিং সেটে শর্টসার্কিট হওয়ার কারণেই নাকি এ অঘটন ঘটে। চন্দ্রধারীর পরিবারে রয়েছেন তার স্ত্রী ও দুই মেয়ে। 
জানা গেছে, বানসালীর প্রযোজনা সংস্থা নাকি চন্দ্রধারীর পরিবারকে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এখানেই বাঁধ সেধেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।
এফডব্লিউআইসিইর পক্ষ থেকে বানসালীকে এই ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করতে বলা হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হলেও এফডব্লিউআইসিইর দাবি, প্রয়াত কর্মীর পরিবারকে ৫০ লাখ টাকা দিতে হবে। খবর, চন্দ্রধারীর দুই  মেয়ের ভবিষ্যতের জন্যই ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির আবেদন করছে তারা।এফডব্লিউআইসিইর সভাপতি বিএন তিওয়ারির বক্তব্য, ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অবিলম্বে শুটিং সেটে নিরাপত্তা জোরদার করতে হবে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রথমত, প্রয়াত কর্মীর সন্তানরা খুব ছোট। তাদের ভবিষ্যতের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, শুটিং সেটে যাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কর্মীদের কাজের নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করে দিতে হবে। তার বাইরে কাজ করানো যাবে না। চন্দ্রধারী খুবই গুণী কর্মী ছিলেন। তাকে এভাবে প্রাণ হারাতে হলো, যা খুবই দুঃখজনক।’
এদিকে বানসালীর প্রযোজনা সংস্থা ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চন্দ্রধারীর স্ত্রীকে কর্মসংস্থানের প্রস্তাবও দিয়েছে।
উল্লেখ্য, এ সিনেমায় আলিয়া ভাট ছাড়া আরও অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কাপুর। ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি একই সঙ্গে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।