দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনেকদিন ধরেই বাংলাদেশ এবং কলকাতায় সমানতালে কাজ করে যাচ্ছেন। এমনকি বলিউডেও অভিনয় করেছেন এ তারকা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলায় অসংখ্য ভক্ত-অনুরাগী তৈরি হয়েছে জয়ার। কলকাতার বড় পর্দায় নিজের অভিনয় দিয়ে সবার প্রশংসাও কুড়িয়েছেন।
‘ডিয়ার মা’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’র পর আগামী বছর কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিংয়ে অংশ নেবেন এই বাংলাদেশি অভিনেত্রী। কাজের সূত্রে কলকাতায় তার এতবেশি সময় কাটানো হয় যে, এবার কলকাতাকে তার সেকেন্ড হোম বলে উল্লেখ করলেন জয়া।
সম্প্রতি কলকাতার এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের এই তারকা অভিনেত্রী। অনুষ্ঠানে যোগ দিয়ে আপ্লুত অভিনেত্রী বলেন, এখানে এসে তিনি ভীষণ আনন্দিত। সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছাও জানান তিনি।
এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনার কথা জানাতে গিয়ে জয়া বলেন, “পূজার সময় কলকাতাকে খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি। তাই পূজার সময় এখানে কাটাতেই বেশি ভালোবাসি। এবারের পূজাতেও কলকাতায় থাকব।”
এছাড়াও সিনেমা মুক্তির পর সেটির জনপ্রিয়তা বাড়াতে কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন এ অভিনেত্রী।
/এমএস