বলিউড সুপারস্টার সালমান খানের উপর ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ক্ষোভের বিষয় তো সকলেরই জানা। গত বছরই গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই বলিউড ভাইজানের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার করেছিল। এবার আরেক বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানো হলো। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে উত্তর প্রদেশে এই অভিনেত্রীর বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি করা হয়। এবার এই ঘটনারও দায় স্বীকার করেছে গোল্ডি ব্রার।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্থানীয় ধর্মগুরু প্রেমানন্দের প্রতি অসম্মান দেখানোর জেরেই নাকি গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা দিশার বরেলির বাড়িতে গুলি চালিয়েছে। সিভিল লাইনস বরেলির ৪০ নম্বর ভিলাটি পাটানিদের।
এক ফেসবুক পোস্টে হামলার দায় স্বীকার করে তারা লেখেন, ‘‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না।
এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ধর্ম রক্ষায় যদি যেকোনো পর্যায়ে যেতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। আমরা কখনো পিছু হটব না। আমাদের কাছে ধর্ম ও সমগ্র সমাজ সবসময়ই এক; তাদের রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য।’’
তবে এখন পর্যন্ত অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। অভিনেত্রী দিশার বোন খুশবু একজন সাবেক সেনা কর্মকর্তা বলে জানা গেছে। বাড়িতে হামলার পর এখন নিরাপত্তার জন্য তাদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।