ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। নতুন করে আবারও আলোচনায় তারা। সম্প্রতি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় এ দম্পতিসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দাযের করেছেন।
মামলার বাকি তিন অভিযুক্ত ব্যক্তি অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।
আদালত সূত্রে জানা যায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আকরাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জামিন পান মুনির। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেননি বলে জানা গেছে।
মামলার নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। যার দাম ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে টালবাহানা করতে থাকেন তারা।
পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম, রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইলের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাঁধা দেন। মামলায় আরো উল্লেখ করা হয়েছে যে, তাদেরকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।