বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমায় ক্যারিয়ার ৩৩ বছরের। এই সময়ে অনেক বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষর ভালোবাসা। অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। অথচ এই সুপারস্টারের জীবনে একটা পুরস্কারের আফসোস ছিল। সেটা হলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন।
অবশেষে ক্যারিয়ারের এতগুলো বছর পার করার পর সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো গোটা বলিউড। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে শাহরুখের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হন তিনি। কিং খানের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বলিউডে রাজত্ব করার অনেক আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে ছোট পর্দায়। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। পরে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক সাড়া ফেলে দেন এ অভিনেতা।
এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’-এর মতো ছবির মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন এই বলিউড কিংবদন্তি।
/এমএস