টেসলা, স্পেসএক্সসহ বহু প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক। এবার তার অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়ে নতুন করে আলোচনায় বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। এই প্রতিষ্ঠান ‘ওয়োক কালচারের পক্ষপাত করছে’ এবং ‘‘এলজিবিটিকিউ’র প্রচারণা’’ ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন মাস্ক।
নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার চরিত্র দেখানোর কারণেই মূলত তার এই ক্ষোভপ্রকাশ। মাস্কের এক্স অ্যাকাউন্টে বর্তমানে অনুসারীর সংখ্যা প্রায় ২২ কোটি ৭০ লাখ। গত তিনদিনে মাস্ক তার অ্যাকাউন্টে অন্তত ২৬ বার “নেটফ্লিক্স বাতিল করুন” আহ্বান জানিয়ে পোস্ট বা রি-পোস্ট করেছেন।
এই বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার, যখন মাস্ক লিবস অব টিকটক নামে এক ডানপন্থি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে লেখেন, “এটা ঠিক নয়।” পোস্টটিতে ছিল ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ নামের নেটফ্লিক্স শোর একটি ক্লিপ, যেখানে চরিত্র বার্নি জানায়, সে একজন ট্রান্সজেন্ডার।
লিবস অব টিকটকের পোস্টে লেখা ছিল, “নেটফ্লিক্স শিশুদের জন্য ট্রান্সজেন্ডার সমর্থনের বার্তা ছড়াচ্ছে। এই শো সাত বছর বয়সী শিশুদের জন্য রেটেড!” ২০২২ সালে প্রচারিত শোটি ২০টি পর্বে শেষ হয় এবং পরের বছর নেটফ্লিক্স সেটি বাতিল করে। বর্তমানে প্রতিষ্ঠানটি যদিও এই শো প্রচার করছে না।
মাস্ক আরও কয়েকটি পোস্টে দাবি করেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “এলজিবিটিকিউ এবং এর ভাবধারা ঢোকাতে চাইছে।” এক পোস্টে তিনি লিখেছেন, “শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য নেটফ্লিক্স বাতিল করুন।”
বৃহস্পতিবার আরেক পোস্টে মাস্ক লিখেন, “এটা সত্য- নেটফ্লিক্স এখন সরাসরি ব্যবহারকারীদের ওপর ট্রান্সজেন্ডার প্রোপাগান্ডা চাপিয়ে দিচ্ছে।” সঙ্গে যুক্ত করেন নেটফ্লিক্সের টুডাম ওয়েবসাইটের একটি লিংক, যেখানে লেখা ছিল- “ট্রান্স ডে অব ভিজিবিলিটি উদযাপন করুন ১৬টি সিনেমা ও শোর মাধ্যমে।”
উল্লেখ্য, বিষয়টি মাস্কের জন্য ব্যক্তিগতভাবেও ভীষণ সংবেদনশীল। কারণ মাস্কের নিজের এক ট্রান্স কন্যা (ভিভিয়ান উইলসন) ২০২২ সালে নিজের নাম ও লিঙ্গ পরিবর্তনের আবেদন করে বলেন, “আমি আর আমার জৈবিক পিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।”