চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন পূজা চেরি। বর্তমানে পুরোদস্তুর চিত্রনায়িকা তিনি। চিত্রনায়িকা হিসেবে তার ক্যারিয়ারে আছে ব্যবসাসফল সিনেমাও। এখন দেশের প্রধান নায়িকাদের মধ্যে পূজা চেরি অন্যতম। একের পর এক কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। অভিনয়, গ্ল্যামার ও নাচে পূজা দর্শকদের মন জয় করেছেন অনেক আগেই। এবার নতুন মিশনে নামছেন এই তারকা নায়িকা।
আর এই নতুন মিশনের জন্য একেবারেই নতুনভাবে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন তিনি। শুরুতে শোনা যাচ্ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুনভাবে ‘দম’-এ যুক্ত হওয়ার খবর জানান দিলেন পূজা, নির্মাতা রনি ও প্রযোজনা প্রতিষ্ঠান। আফরান নিশোর নায়িকা হিসেবে বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে এই ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অন্যতম চমক হিসেবে পালকি করে হাজির হন পূজা চেরী। পালকি থেকে পূজার হাত ধরে নামিয়ে নিয়ে আসেন নিশো ও এই সিনেমার আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে সিনেমাটি নির্মাণ করছেন রেদওয়ান রনি।
সিনেমাটিতে নিশো এবং চঞ্চলের অভিনয়ের কথা আগেই জানানো হলেও মহরত অনুষ্ঠানে প্রথমবার পূজা চেরীকে নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একেবারে সাদামাটা সাজে মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির হন পূজা।
পালকি থেকে নেমে এ সময় পূজা চেরী বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। ইতোমধ্যে মেকআপ থেকে নিজেকে দূরে রাখছি। এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’
‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। গল্পটা সার্ভাইভাল ঘরানার। শিগগির শুরু হবে এর শুটিং।
বলা দরকার, প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি এর আগে নির্মাণ করেছেন ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬)।
এদিকে পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’। গত ঈদে সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তি পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক ছিলেন আদর আজাদ।
এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই ছবিটি পরিচালনা করেন নির্মাতা আলোক হাসান। এতে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে।
/এমএস