ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সুপারহিট সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। এর পঞ্চম সিজনে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মিলি ববি ব্রাউন এবং ডেভিড হারবার। চলতি মাসের শেষের দিকে সিরিজটির প্রথম কয়েকটি পর্ব নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিরিজে ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছেন ব্রাউন। আর হারবার অভিনয় করেছেন পুলিশ প্রধান ‘জিম হপার’-এর চরিত্রে, যিনি ইলেভেনের অভিভাবকের ভূমিকা পালন করেন।
তবে পর্দার জনপ্রিয় এই জুটি এখন পর্দার বাইরে ভিন্ন পরিস্থিতিতে রয়েছেন। মেইল অন সানডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিরিজের শেষ সিজনের শুটিং শুরুর আগে ২১ বছর বয়সী মিলি নাকি ডেভিড হারবারের বিরুদ্ধে আচরণগত অসদাচরণের অভিযোগ দায়ের করেন। তাই এই অভিনেতাকে একটি অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে হয়।
একটি সূত্র জানিয়েছে, শুটিং শুরু হওয়ার আগে মিলি ববি ব্রাউন হয়রানি ও হুমকির অভিযোগ দায়ের করেছিলেন। কয়েক পাতার এই অভিযোগের উপর ভিত্তি করে কয়েক মাস ধরে তদন্তও চলেছিল। তবে কোনো যৌন অসদাচরণের বিষয় এতে অন্তর্ভুক্ত ছিল না। অভিযোগগুলো মূলত মানসিক হয়রানি ও খারাপ আচরণের সঙ্গে সম্পর্কিত ছিল বলে সূত্রটি আরও জানায়।
এদিকে হারবারের ব্যক্তিগত জীবনও সম্প্রতি আলোচনায় এসেছে। তার প্রাক্তন স্ত্রী ও গায়িকা লিলি অ্যালেন তার নতুন অ্যালবাম ‘ওয়েস্ট অ্যান্ড গার্লস’-এ তাদের বিবাহবিচ্ছেদের বিস্তারিত তুলে ধরেছেন। অ্যালবামটিতে এই গায়িকা হারবারের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ এনেছেন এবং তার ‘‘যৌন আসক্তি’’ নিয়েও প্রশ্ন তুলেছেন।
যদিও অ্যালেন পরবর্তীতে জানিয়েছেন যে, অ্যালবামটি লেখার সময় তিনি যে মানসিক অবস্থায় ছিলেন, এখন সেটা কাটিয়ে উঠেছেন। তিনি বলেন, “সেই সময়ে আমি মানসিকভাবে স্থির ছিলাম না। এখন আমি বিভ্রান্ত বা রাগান্বিত নই এবং প্রতিশোধের প্রয়োজনও অনুভব করছি না।” উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত লিলি অ্যালেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন ডেভিড হারবার।
‘স্ট্রেঞ্জার থিংস’ এর পঞ্চম ও শেষ সিজন আগামী ২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। পঞ্চম সিজনটি আলাদা তিনটি ভাগে মুক্তি দেওয়া হবে।
/এমএস