জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কিছু দিন আগেই শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে মার্কিন মুলুকে ঘুরে এসেছেন এই নায়িকা। সে সময় কয়েকটি ছবিও ভাইরাল হয়েছিল। অনেক দিন নতুন কাজের খবর না দিলেও সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছিলেন যুক্ত। এবার বুবলী তার ফেসবুকে চমক জাগানিয়া কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর এই ছবিগুলো নিয়েই চলছে তুমুল চর্চা। ৬ নভেম্বর নায়িকা তার ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘নেতার মতো পরিশ্রম কর, রানির মতো বাঁচো।’
একটি ছবিতে বুবলীকে দেখা গিয়েছে তার পরনে ছিল অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউন। পোশাকটির সাদা অংশটি ফুলের পাপড়ির মতো ঢেউ খেলানো ডিজাইনে সাজানো, যা তার পুরো লুকটিকে দিয়েছে এক আভিজাত্যপূর্ণ ছোঁয়া। আরেকটিতে কালো স্পোর্টস গাড়িতে রহস্যময় নারীর বেশে তাকিয়ে আছে। হাতে লেইসের তৈরি সূক্ষ্ম গ্লাভস আর মাথায় ভেইলযুক্ত হ্যাট, কানে মুক্তার দুল তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়।
বুবলীর এই ছবিগুলোর প্রশংসায় মেতেছেন ভক্তরা। এবার জানা গেল বুবলীর নতুন সিনেমায় কাজের খবর। পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি সিনেমা। এর নাম ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিটি নির্মাণ করবেন জাহিদ হোসেন। আর এই সিনেমায় আবারও বুবলীর নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। গতকাল শুক্রবার রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকাইয়া দেবদাস সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সিনেমাটি সম্পর্কে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। এই গল্পটাকে তুলে ধরা হবে আমাদের পুরান ঢাকার শত শত বছরের পুরোনো ঐতিহ্যের মিশেলে। পুরান ঢাকায় বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করেন। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের প্রেম ও অন্যান্য গল্পের মধ্য দিয়ে।’
সিনেমার নাম প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, দেবদাস নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যারা প্রেমে ব্যর্থ হয়, তারা নিজেদের মনে মনে দেবদাস ভাবে। এই সিনেমার গল্পেও নায়ক প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে তেমন ভাবতে শুরু করে। তাই সিনেমার নাম রাখা হয়েছে ঢাকাইয়া দেবদাস।
আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। পর্দায় পুরান ঢাকার ঐতিহ্য সঠিকভাবে পর্দায় তুলে ধরার জন্য উৎসবের সময়ে রিয়েল লোকেশনে শুটিং করতে চান নির্মাতা।
এতে আদর-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভল্যুশন মুভিজ ইন্টারন্যাশনাল।
ঢাকাইয়া দেবদাস আদর-বুবলী জুটির চতুর্থ সিনেমা। এর আগে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমা দিয়ে জুটি হিসেবে পথচলা শুরু হয় আদর আজাদ ও বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমায় অভিনয় করেন এই জুটি।
/এমএস