বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। আগামী ১৪ নভেম্বর এই তারকা অভিনীত ‘দে দে পেয়ার দে ২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অজয় দেবগন। তবে মজার বিষয় হলো, সিকুয়েলটিতে অভিনেত্রীর বাবার চরিত্রে খ্যাতিমান অভিনেতা আর মাধবনকে দেখা যাবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ উন্মাদনা তৈরি হয়েছে।
ছবি মুক্তির আগে রাকুল তার সহ-অভিনেতা আর মাধবনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। ছবিতে মাধবন অভিনয় করছেন নায়িকার বাবার চরিত্রে, যিনি আশীষ ও আয়েশার প্রেমের রাস্তায় প্রধান বাঁধা হয়ে দাঁড়ান। ছবিতে আশীষ মেহরার চরিত্রে অজয় দেবগন এবং আয়েশা খুরানার চরিত্রে রাকুল প্রীতকে দেখা যাবে।
আইএএনএসের সঙ্গে এক সাক্ষাৎকারে রাকুল বলেন, ‘আমি সব সময়ই তার (আর মাধবন) ভক্ত। মেয়ের চরিত্রে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। আমরা সেটে অনেক আকর্ষণীয় বিষয়ে গল্প করেছি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি একজন দুর্দান্ত অভিনেতা আর আমি মনে করি যখন আপনার পাশে এমন কেউ থাকেন, তখন আপনার নিজের অভিনয়ও আরও ভালো হয়ে ওঠে। তিনি আমাকে তেমনটাই করতে সাহায্য করেছেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে কোনো বেগ পেতে হয়নি। শুটিং খুব উপভোগ করেছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘তার দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান এবং ব্যক্তিত্ব থেকে শেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি একজন সুন্দর মনের মানুষ এবং অসাধারণ ব্যক্তি। তার সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের।’
প্রসঙ্গত, আশীষ ও আয়েশার প্রেম, হাসি এবং পারিবারিক গল্পকে কেন্দ্র করে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে। ছবিটি পরিচালনা করেছেন অংশুল শর্মা।
/এমএস