হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের জন্য ২০২৬ সালটা সত্যিই বিশেষ হতে চলেছে। কেননা এ বছর অস্কারজয়ী এই তারকার অন্তত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বলা যায়, ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত বছর পার করতে চলেছেন হ্যাথওয়ে। ছবিগুলোর ঘরানা ও উপস্থাপনায় একটি অন্যটির থেকে সম্পূর্ণ আলাদা। তাই এ অভিনেত্রীকে নিয়ে ইতোমধ্যেই ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
তার বছরটি শুরু হবে বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিকুয়েল ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা-২’ দিয়ে। ছবিটি মুক্তির তারিখ ১ মে চূড়ান্ত করা হয়েছে। এতে অ্যান্ডি শ্যাক্স চরিত্রে হ্যাথওয়ের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে নেট দুনিয়ায় তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং ছবিটিকে বছরের অন্যতম বড় স্টুডিও রিলিজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এরপর ১৭ জুলাই মুক্তি পাবে ‘দ্য ওডিসি’, যা গ্রিক মহাকাব্যের আধুনিক রূপান্তর। প্রাথমিকভাবে জানা গেছে, ছবিটি ভিজুয়াল স্কেলের দিক থেকে বেশ বড় পরিসরে এবং আবেগঘন বার্তায় নির্মিত। এখানেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অ্যান হ্যাথওয়েকে দেখা যাবে।
মাসখানেক পর ১৪ আগস্ট আসবে সাই-ফাই ঘরানার ‘ফ্লাওয়ারভেল স্ট্রিট’ চলচ্চিত্রটি। ছবিটির প্রকৃতি ও অভিনয়নির্ভর গল্পের কারণে এটি অস্কারে আলোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছেন।
২০২৬ সালের ২ অক্টোবর মুক্তির কথা রয়েছে ‘এরিটি’ নামের আরেকটি প্রকল্পের। সিনেমাটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে এটি মনস্তত্ত্বনির্ভর এবং তুলনামূলকভাবে বেশ অন্ধকার ধাঁচের হবে বলে জানা গেছে।
এ ছাড়া ‘মাদার মেরি’ শিরোনামের একটি মিউজিক ড্রামাও হাতে রয়েছে তার। ছবিটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা না হলেও এটি ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে আসতে পারে। এই চলচ্চিত্রে অভিনেত্রীকে একটি জটিল ও বহুস্তরীয় চরিত্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
হলিউডে এক বছরের মধ্যে পাঁচটি ছবি মুক্তি দেওয়া এমনিতেই বিরল ঘটনা। তার ওপর সেটা যদি হয় বৈচিত্র্যময় সব চরিত্রে! কিন্তু ৪৩ বছর বয়সী এই তারকা সেই কাজটা বেশ সফলতার সঙ্গেই করছেন। এবার দেখার পালা, সামনের বছরটা তার জন্য সত্যিই কতটা সফলতায় মোড়ানো হয়।
/এমএস