আলোচিত নাট্যদল বটতলা। নিয়মিত নাটক মঞ্চস্থ করে দলটি। এবার নতুন নাটক নিয়ে আসছে বটতলা। নাটকের নাম ‘যোজনগন্ধা মায়া’। এটি দলের ২৫তম প্রযোজনা। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমরান খান মুন্না। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি উদ্বোধনী প্রদর্শনী হবে।
পরদিন ২৮ নভেম্বর একই স্থানে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী করবে বটতলা।
নাট্যকার বদরুজ্জামান আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘যেকোনো লড়াইয়ের সময় রাজনীতিবিদ মানুষের হাতে হাতিয়ার তুলে দেয়, ধনাঢ্য জোগান দেয় খাবার আর প্রান্তিকজন তাদের সন্তানদের যুদ্ধে পাঠায়। লড়াই শেষ হওয়ার পর রাজনীতিবিদ প্রতিপক্ষ নেতার সঙ্গে করমর্দন করে, ধনীরা বাজারে খাবারের দাম বাড়িয়ে দেয় যেন তার ভর্তুকি উঠে আসে, আর গরিবরা যুদ্ধে হারিয়ে যাওয়া সন্তানদের কবর খুঁজতে থাকে। এমনই এক গল্প নিয়ে এগিয়ে যাবে যোজনগন্ধা মায়া নাটকের কাহিনি।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, কাজী রোকসানা রুমা, গোলাম মাহবুব মাসুম, মনিরা খাতুন সৃষ্টি, মুন ইসলাম, নিরঞ্জন দাস, আশরাফুল ইসলাম অশ্রু, শাহাদত হোসেন প্রমুখ। সুর ও সংগীত পরিকল্পনায় পলাশ নাথ লোচন ও চন্দ্রাবতী ইভা, পোশাক মহসিনা আক্তার ও আলোক পরিকল্পনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মন।
/এমএস