জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহেনা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। এরপর কাজ করেন কলকাতার সিনেমাতেও। দুই বাংলার গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রীকে দেখা যায় বলিউডের সিনেমাতেও। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার তিনি। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী। ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে রাজপথে সরব থেকে আরও বেশি আলোচনায় আসেন তিনি। এবার আবারও রাজপথে নামার ডাক দিয়েছেন বাঁধন।
প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বাঁধন। ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে দাঁড়িয়ে দৃশ্যমাধ্যম সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করবেন তিনি।
২২ ডিসেম্বর সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টে বাঁধন লিখেছেন, ‘এই সময়ে চুপ থাকা অপরাধ, এই সময়ে কথা বলাই প্রতিবাদ। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ফ্যাসিবাদের স্পষ্ট আলামত।’
শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উদ্দেশে বাঁধন লিখেছেন, ‘যারা বাংলাদেশে বিশ্বাস করি, যারা বিশ্বাস করি আমরা সবাই মিলে বাংলাদেশ। যারা মনে করি এই দেশ গড়তে হবে সমতা, সহাবস্থান ও সহমুক্তির ধারণার ভিত্তিতে, তাদের ২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটে সাতমসজিদ রোড, আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে, উপস্থিত হওয়ার আহ্বান।’
এ প্রসঙ্গে গণমাধ্যমকে বাঁধন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে, আমরা যে রকম চেয়েছিলাম, সেভাবে সবকিছু চলছে না। শিল্পী হিসেবে আমি আমার জায়গা থেকে পথে নেমে প্রতিবাদ করব। আমার সঙ্গে যদি কেউ নাও আসে, প্রয়োজনে আমি একাই প্রতিবাদ করব।’
বাঁধন অভিনীত ও রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত নতুন সিনেমা ‘মাস্টার’। এই সিনেমাটি ইউরোপের রটারড্যাম উৎসবে আমন্ত্রণ পেয়েছে। উৎসবে সিনেমাটি লড়বে বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে।
সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তার পেছনে যারা সময়, শ্রম ও অর্থ ব্যয় করে, পরবর্তী সময়ে তাদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করে। সেই সাহায্যপ্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাকে বাধাগ্রস্তও করে। এই দ্বন্দ্ব তাকে পরিণত করে ভিন্ন এক মানুষে। এমন কাহিনি নিয়ে এগিয়ে যায় ‘মাস্টার’ সিনেমার গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু প্রমুখ। ২০২৬ সালের ২৯ জানুয়ারি শুরু হবে রটারড্যাম উৎসব, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে বাংলাদেশের আরও দুটি সিনেমা লড়বে। মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ ব্রাইট ফিউচার বিভাগে এবং মেজবাউর রহমান সুমনের পরিচালনা ‘রইদ’ টাইগার কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে।
/এস লুপিন