ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ক্যারিয়ারের এই স্বল্প সময়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে সম্প্রতি তার অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র জানায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। ফলে রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে অভিনেত্রীর মস্তিষ্ক থেকে সফলভাবে টিউমার অপসারণ করা হয়েছে।
নির্মাতা ইমরাউল রাফাত জানান, প্রায় চার ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা সফলভাবে টিউমার অপসারণ করেছেন। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
নির্মাতা রায়হান খান বলেন, ‘বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত। আজ রাজাধানীর একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে। সোমবার যেকোনো সময় তাঁকে কেবিনে নেওয়া হতে পারে।’
এর আগে তানিয়া বৃষ্টির অফিসিয়াল ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) তার অসুস্থতার বিষয়টি জানিয়ে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/ খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’
এছাড়াও শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’
উল্লেখ্য, জনপ্রিয় এই অভিনেত্রী ভিট চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান এবং ২০১৫ সালে 'ঘাসফুল' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটান। এরপর ২০২২ থেকে ২০২৫ অবধি তিনি একের পর এক নাটকে অভিনয় করে দর্শকমনে সাড়া ফেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘মেথর,‘ সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।
/এসএল