নারীর টিকে থাকার গল্প নিয়ে দুই বছর আগে নির্মিত হয়েছে সিনেমা ‘আতরবিবিলেন’। সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাণের পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
নির্মাণের দুই বছর পর নানা জটিলতা কাটিয়ে অবশেষে আজ রাজধানীসহ দেশের ১২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্র ‘আতরবিবি’তে অভিনয় করেছেন ফারজানা সুমি।
টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান লাবু। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার, গান এবং পোস্টার উন্মোচন করা হয়।
সিনেমাটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘ইচ্ছে ছিল আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু ঈদে অনেক সিনেমা মুক্তি পাবে, তাই প্রযোজকের সঙ্গে কথা বলে কোনো উৎসব ছাড়াই সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদিও ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিলে কিছুটা ঝুঁকি থেকে যায়। তারপরও আমার বিশ্বাস সিনেমার গল্প ভালো হলে দর্শক প্রেক্ষাগৃহে আসবে।’
নির্মাতা আরও বলেন, ‘এখন পর্যন্ত রাজধানীসহ দেশের মোট ১২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয় চূড়ান্ত হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। যেহেতু অন্যগুলো চূড়ান্ত হয়নি তাই সেগুলোর কথা বলা উচিত হবে না।’
সিনেমায় উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রামের গল্প। স্বাভাবিক ও সুন্দর জীবনের স্বপ্ন দেখা সত্ত্বেও বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হতে হয় আতরবিবিকে। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তার লড়াই এবং প্রতিকূলতার মধ্যদিয়ে এগিয়ে চলার গল্পই এই সিনেমার মূল উপজীব্য।
নির্মাতা জানান, রাজধানীর পাশাপাশি দৌলতদিয়া, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।
সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল ও সীমান্ত প্রমুখ।
/আবরার জাহিন