জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এক সময় ব্যস্ত থাকলেও বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলোর মুক্তির খবর জানেন না এই নায়িকা। নাটকেও অভিনয় করছেন না অনেক দিন। সম্প্রতি সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে কাজের খবর দিলেন পূর্ণিমা।
১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্রটি। এফডিসিতে দৃশ্য ধারণ দিয়ে ইতোমধ্যে শেষ হয়েছে শুটিং। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।
এ সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’
নির্মাতা গাজী মাহবুব জানান, গল্পে উঠে আসবে ১৯৭০ সালে ভোলা জেলায় বন্যার সেই মর্মান্তিক কাহিনি ও বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কী। মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে এটি দেখানো হবে। এছাড়া অন্তর্জালে প্রকাশিত হবে।
পূর্ণিমা ছাড়াও প্রামাণ্যচিত্রটিতে আরও রয়েছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা প্রমুখ।