ভারতের সাবেক বিউটি কুইন ও মডেল ত্বিশা শর্মার মৃত্যু ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে গভীর শোক ও আলোড়ন। মাত্র কয়েক মাস আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিখুশি জীবন, নতুন সংসার আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করা এই তরুণীকে এখন স্মরণ করা হচ্ছে এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক হিসেবে।
উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা ত্বিশা শর্মা শুধু মডেলিং জগতেই পরিচিত ছিলেন না, কর্পোরেট অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছিলেন। এমবিএ সম্পন্ন করার পর তিনি মার্কেটিং ও কমিউনিকেশনস খাতে কাজ করেন। পাশাপাশি “মিস পুনে” শিরোপা জয়ের মাধ্যমে আলোচনায় আসেন। কিছু বিজ্ঞাপন ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছিলেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে ভোপালের আইনজীবী সমর্থ সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়। পরিবার বলছে, শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে ত্বিশা মানসিক চাপে ভেঙে পড়ছিলেন।
পরিবারের অভিযোগ, বিয়ের পর তিনি নির্যাতন ও যৌতুকের চাপের মধ্যে ছিলেন। এমনকি তাকে গর্ভপাত করানোর জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়।
গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ত্বিশার দেহ। মৃত্যুর আগে এক বন্ধুকে পাঠানো তার একটি বার্তা এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি লিখেছিলেন, ‘I am trapped’। এই কয়েকটি শব্দ যেন তার ভেতরের অসহায়তার নীরব সাক্ষী হয়ে উঠেছে।
ত্বিশার মৃত্যুর ঘটনায় তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তদন্ত এখনো চলছে। তবে এরই মধ্যে অনেকের কাছে ত্বিশা শর্মার গল্প হয়ে উঠেছে স্বপ্ন, ভালোবাসা এবং নিঃশব্দ যন্ত্রণার এক বেদনাদায়ক প্রতিচ্ছবি।