ভারতের লোকসভা নির্বাচনে কেরালা ওয়েনাড আসনে ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর প্রদেশের রায়বেরেলি থেকেও নির্বাচন করেছেন তিনি। প্রাপ্ত ভোটের হিসেবে এ আসন থেকেও তিনি জিততে যাচ্ছেন।
দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে, এই আসনে রাহুল পেয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট।
রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলি থেকেও নির্বাচন করেছেন। এই আসনের চূড়ান্ত ফল এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) ঘোষণা করা হয়নি। তবে রায়বেরেলি থেকেও তিনি জিততে যাচ্ছেন।
ওয়েবসাইটের তথ্যমতে , বিজেপি ১২৯ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫৩ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ২৭ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৫ আসনে।
রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৬৪ আসনের চূড়ান্ত ফল ঘাষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে বিজেপি ৯৩, কংগ্রেস ৩৮টি আসনে জয়লাভ করেছে।
লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। আর কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২ আসন। কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪টি আসন।