মায়ানমারে গৃহযুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করেছে ইন্দোনেশিয়া। এই বৈঠকে জাতিসংঘ ও মায়ানমারের সামরিক শাসকবিরোধীরা অংশগ্রহণ করছেন।
শুক্রবার (৪ অক্টোবর) বৈঠকের বিষয়ে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
দুই দিনের এই বৈঠকে জাতিসংঘ, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের জোট আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং মায়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) সদস্যরা উপস্থিত থাকবেন।
একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করে বলেছে, এনইউজি ইন্দোনেশিয়ায় আলোচনা করতে এসেছে। অন্য আরেকটি সূত্র জানিয়েছে, মায়ানমার সংক্রান্ত একটি বিশেষ সভায় রয়েছে জাতিসংঘ। চতুর্থ আরেকটি সূত্র বলেছে যে, ইন্দোনেশিয়ায় মায়ানমার সংকটের ‘স্টেকহোল্ডারদের’ সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। তবে এসব সূত্র অন্য অংশগ্রহণকারী বা আলোচিত প্রস্তাব নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।
অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের নির্বাচিত সরকার হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয় মায়ানমার সেনাবাহিনী। এরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের দমনে সেনা সদস্যরা বল প্রয়োগ শুরু করলে বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়। এতে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ নিহত এবং ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। সূত্র: রয়টার্স