যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিটার ব্রায়ান হেগসেথকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে হেগসথ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করতেন। সাবেক এই সেনা কর্মকর্তা গুয়ানতানামো, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
পিটার হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, হেগসেথকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরও দুর্দান্ত হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।’
এ সময় তিনি পিটের প্রশংসা করে বলেন, ‘‘পিট তার জীবন আমেরিকার জন্য ব্যয় করেছেন। যুদ্ধে তিনি ছিলেন অপ্রতিরোধ্য এবং শত্রুদের যম। তিনি খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’ নীতিতে বিশ্বাসী।’’
ট্রাম্প আরও বলেন, ‘পিট এমন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিলেন, যিনি শক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৪৪ বছর বয়সী হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক কর্মকর্তা ছিলেন। তিনি কয়েকবছর আগে বলেছিলেন, তাকে সেনাবাহিনী আর চায় না। চরমপন্থী বিবেচিত হওয়ার পর তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে স্ত্রী ও সাত সন্তান নিয়ে বসবাস করছেন। সূত্র: ফক্স নিউজ।
সুমন/অমিয়/