আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষের কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো স্থগিত রয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে বাকবিতণ্ডা সৃষ্টির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও ভাতিজা সাগর আদানিসহ আটজনের বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের আদালত।
পরে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্রের আদালত।
তবে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে সব ধরণের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় আদানি গ্রুপ।
এই ঘটনায় ভারতের সংসদে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের রাজনৈতিক সহায়তা দিচ্ছেন।
বিজেপির বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপের অভিযোগও এনেছেন তারা।
ঘটনাক্রমে, চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকরি আলোচনার দাবি করে আদানির বিরুদ্ধে স্লোগান দেন কংগ্রেস সদস্যরা।
আদানির স্পষ্ট সমালোচক কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। অথচ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যাচ্ছে। আদানিকে প্রেপ্তার করা উচিত।’
এ সব নিয়ে কোনো মন্তব্য করেনি বিজেপি।
এ বিষয়ে বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগারওয়াল বলেন, ‘আমরা শিল্পপতিদের শত্রু না। তাদেরকে আমরা দেশ গঠনের সঙ্গী হিসেবেই বিবেচনা করে থাকি।’
কোনো অন্যায় করলে আইন অনুযায়ী শাস্তি হবে জানিয়ে তিনি বলেন, ‘আদানিকে সুরক্ষা দিয়ে আমাদের কোনো লাভ নেই। অন্যায় না করে থাকলে তিনি নিজেই আইনি ব্যবস্থা নেবেন।’ সূত্র: রয়টার্স
নাইমুর/অমিয়/