শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে।
শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে শেষবারের মতো তার মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ অনেক রাজনীতিবিদ মনমোহন সিংয়ের শেষকৃত্যে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
ড. সিংয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। এই সময়টিতে ভারতজুড়ে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের কংগ্রেসদলীয় এই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ দলের সব আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য স্থগিত করেছে দলটি।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের মধ্যে বিতর্ক শুরু হয়। কংগ্রেস চেয়েছিল, মনমোহনের সম্মানে যেখানে তার স্মৃতিসৌধ গড়ে তোলা হবে, সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হোক। কিন্তু তার বদলে শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাট বরাদ্দ দেওয়ায় এর নিন্দা করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুক্রবার এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছিলেন।
পরে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য একটি জায়গা বরাদ্দ করা হবে। কিন্তু সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। তার আগে শেষকৃত্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক। কারণ এ ব্যাপারে একটি ট্রাস্ট তৈরি করা দরকার। সেই ট্রাস্টকে জায়গা বরাদ্দ করবে কেন্দ্র। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস