ফিলিস্তিনের গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) ওয়াফা নিউজ এজেন্সির বরাতে নিহতের খবর প্রকাশ করে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলের বাসিন্দা। এর মধ্যে ৯ জন মাঘাজি শরণার্থী শিবিরের। আর আটকদের মধ্যে চিকিৎসাকর্মী ও হাসপাতালের পরিচালকও রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন।
এদিকে অভিযানের পর মুক্তি পাওয়া কয়েকজন জানান, ইসরায়েলি সেনারা তাদের মারধর করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উত্তর গাজার বেইত হানুন থেকে দুটি রকেট পশ্চিম জেরুজালেমে ছোড়া হয়েছিল। যার প্রতিক্রিয়ায় তারা এই অভিযান চালিয়েছে।
এ ছাড়াও তাদের দাবি, হাসপাতালটি হামাসের সামরিক কার্যক্রমের কমান্ডকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আটকরা সন্দেহভাজন যোদ্ধা এবং আবু সাফিয়াকে হামাস সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, হাসপাতাল থেকে কোনো যুদ্ধ কার্যক্রম পরিচালনা করা হয়নি। তবে ২৪০ জন আটক হওয়া নিয়ে হামাস কোনো মন্তব্য করেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সামরিক অভিযানে আটক রোগী ও চিকিৎসকদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, অভিযানের মাধ্যমে উত্তর গাজার শেষ কার্যকর হাসপাতালটিও অকার্যকর হয়ে পড়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলের অভিযানে ডব্লিউএইচও গভীরভাবে মর্মাহত। গাজার স্বাস্থ্যব্যবস্থা গভীরভাবে ভেঙে ফেলা হয়েছে এবং উত্তর গাজায় ৮০ দিনের বেশি অবরোধ থাকার কারণে সেখানে থাকা ৭৫ হাজার ফিলিস্তিনির জীবন হুমকির মুখে পড়েছে।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে গাজার হাসপাতালগুলো রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, কিছু রোগী কামাল আদওয়ান হাসপাতাল থেকে ইন্দোনেশীয় হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন, যদিও সেটি কার্যকর নয়। অন্যদিকে, চিকিৎসাকর্মীদের তাদের সঙ্গে যেতে বাধা দেওয়া হয়েছে। বাকি রোগী ও কর্মীদের অন্যান্য চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর আগে এবং চলাকালে মোট ৪৪৫ জন রোগী ও চিকিৎসাকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৩ লাখ মানুষের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: আল-জাজিরা/রয়টার্স
তাওফিক/