ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে তিব্বতের ইয়ারলুং স্যাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। জবাবে ভারতও অরুণাচল প্রদেশের সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (১৯ জুন) এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি জানায়, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের সব কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিম্নাঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চীন আনুষ্ঠানিকভাবে ইয়ারলুং স্যাংপো নদীর নিম্নাংশে ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেডোগ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
বেইজিংয়ের এই উদ্যোগের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দিল্লি অরুণাচল প্রদেশের আপার সিয়াং ও সিয়াং জেলায় প্রস্তাবিত ১১ হাজার মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প (সাম্প) এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এনএইচপিসি পরিচালিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎকেন্দ্র। বছরে প্রায় ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি রুপি।
দুই প্রকল্পের অগ্রগতির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। চীনের ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতার মেডোগ প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিপরীতে ভারতের সাম্প প্রকল্প এখনো প্রাক-সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। এমনকি নির্মাণ-পূর্ব সমীক্ষার কাজও শুরু হয়নি।
ভারত এখন কৌশলগত প্রতিক্রিয়া জোরদার করার পাশাপাশি বিতর্কিত নদীটিতে বেইজিংয়ের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।তিব্বতের ইয়ারলুং স্যাংপো নদী ভারতের ভূখণ্ডে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত হয়। পরে ব্রহ্মপুত্র নদে পরিণত হয়ে অরুণাচল ও আসাম প্রদেশে প্রবেশ করে এবং লাখো মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে এত বড় বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহে মৌলিক পরিবর্তন আসতে পারে। এতে স্থানীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিব্যবস্থা বিপর্যস্ত এবং নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা হতে পারে।
লোকসভায় দেওয়া লিখিত জবাবে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের জলবিদ্যুৎ প্রকল্পসহ সব ধরনের কর্মকাণ্ড সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নিম্নাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিল্লি বরাবরই সীমান্তবর্তী নদীসংক্রান্ত সব প্রকল্পে স্বচ্ছতা, তথ্য বিনিময় এবং আগাম পরামর্শের জন্য বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করে আসছে। তবে এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়নি।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সাম্প প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিম্নাঞ্চলের মৌসুমি বন্যা নিয়ন্ত্রণ এবং উজানে পানিপ্রবাহ পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি থেকে ভারতীয় ভূখণ্ডকে সুরক্ষা দেওয়া। এ কারণে প্রকল্পটির ভূ-রাজনৈতিক গুরুত্বও অর্থনৈতিক গুরুত্বের সমান বলে মনে করা হচ্ছে।
অন্তর্বর্তী সময়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং অবকাঠামোগত সক্ষমতা জোরদার করার কাজও এগিয়ে নিচ্ছে দিল্লি। সূত্র: এনডিটিভি