নাটক : সিরাজউদ্দৌলা
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।’-ব্যাখ্যা করো।
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলার এ সংলাপে পলাশীর প্রান্তরে শহিদ বীরদের আত্মদান যেন বৃথা না যায়, সে প্রসঙ্গে এ কথা বলা হয়েছে।
পরাজিত নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে এসে দরবারে সমবেত সাধারণ মানুষকে ধেয়ে আসা শত্রুদের মোকাবিলার কথা বলেন। প্রতিরোধ গড়তে তিনি জনগণকে সাহস নিয়ে শত্রুর সামনে দাঁড়াতে বলেন। কিন্তু জনতা সেই জাতীয়তাবাদী চেতনা ধারণ করতে পারেনি। তাই সবাইকে নবাব জানান, পলাশীর প্রান্তরে যে বীর সেনাপতিরা দেশের জন্য প্রাণ দিলেন, তারা তো চাইলেই পালাতে পারতেন। কিন্তু দেশকে ভালোবেসে তারা জীবন দিয়ে দেশের মাটি রঙিন করলেন। বীরের এই আত্মদান যেন ব্যর্থ না হয়। একবার দেশবাসী দেশপ্রেমে উজ্জীবিত হলেই সব শত্রু পরাজিত হবে। পলাশীর শহিদদের আত্মদানের তাৎপর্য সাধারণ জনতা সেদিন বোঝেনি।
আরো পড়ুন : সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
প্রশ্ন: ‘ইনি কি নবাব, না ফকির?’- ক্লাইভের এ উক্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে কর্নেল রবার্ট ক্লাইভের এ সংলাপে মীর জাফরের ব্যক্তিত্বহীনতা দেখে তার প্রতি এমন ব্যঙ্গাত্মক অনুভূতি ব্যক্ত হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর চুক্তিমতো নবাব হন বিশ্বাসঘাতক ও ক্ষমতালোভী প্রধান সেনাপতি মীর জাফর আলী খান। তার অভিষেকের দিন রাজদরবারে এসে তিনি সিংহাসনে না বসে সিংহাসনের হাতল ধরে কর্নেল ক্লাইভের জন্য অপেক্ষা করতে থাকেন। ক্লাইভ না এলে তিনি বাংলার মসনদে বসবেন না। ইতোমধ্যে ক্লাইভ এসে মীর জাফরের এসব কথা শুনে বিস্মিত হন। বাংলার নবাব ফকিরের মতো সিংহাসন ধরে দাঁড়িয়ে আছেন; অথচ তিনি তো পরাক্রমশালী হওয়ার কথা। আসলে ক্লাইভও বুঝে যান মীর জাফর সত্যিকার অর্থে অযোগ্য গর্দভ। ফলে ব্যঙ্গাত্মক কথায় তিনি নতুন নবাবকে অপমানও করেন; অবশ্য মীর জাফর সেটিও বোঝেননি।
প্রশ্ন: ‘মীর জাফর বেইমান নয়’- বুঝিয়ে লেখ।
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে নতুন নবাব মীর জাফর আলী খানের এ সংলাপে ক্লাইভের প্রতি তার ব্যক্তিত্বহীন আনুগত্যের বিষয়টি প্রকাশিত হয়েছে।
পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পরাজয় হলে বাংলার নবাব হন মীর জাফর। ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করেই মীর জাফর ও তার সহচররা নবাব সিরাজের পরাজয় নিশ্চিত করেন। তাই তিনি নিজেকে বেইমান নয় আখ্যা দিয়ে ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসেন। এতে মীর জাফরের নৈতিকতা নয়; বরং অনৈতিক ও দুর্বল মানসিকতারই প্রকাশ ঘটেছে। কারণ, নবাব সিরাজউদ্দৌলা ও দেশের সঙ্গে যে বেইমানি তিনি করেছেন তারপরও এমন কথা বলে তিনি নিজেকে হাস্যকর চরিত্রে পরিণত করেছেন।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর