উত্তর কোরিয়া নতুন করে আবারও মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন।
সোমবার (৬ জানুয়ারি) এই পরীক্ষা চালানো হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শনকালে কিম জং উন দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
গত ৫ নভেম্বরের পরে আবারও সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
আর এটি এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন।
এদিকে পিয়ংইয়ংয়ের (উত্তর কোরিয়া) এরূপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো এবং সামরিক হুমকির পাল্টা জবাব দিতে ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, শব্দের থেকে ১২ গুণ ছুটে চলা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১০০ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) পাড়ি দিয়ে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী কেসিএনএর প্রতিবেদনটিকে কিছুটা অতিরঞ্জিত মনে করছেন।
কেসিএনএ আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হবে এবং বড় ধরনের সামরিক আঘাত হানার উপযোগী বলে কিম জং উন মন্তব্য করেছেন।
এ ছাড়া দেশের নিরাপত্তাব্যবস্থায় হুমকির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র একটি শক্তিশালী অস্ত্র হিসেবে এর গুরুত্ব এবং এটি পারমাণবিক যুদ্ধে প্রতিরোধ শক্তি কঠোর করার লক্ষ্যে এটি নিয়োজিত হবে বলে কিম জানান।
অন্যদিকে, অ্যান্টনি ব্লিঙ্কেন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী চো তে-ইউল এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানান। সূত্র: রয়টার্স
তাওফিক/