প্রকৃতি নারাজ হলে বান্দার অনেক কিছুই সয়ে নিতে হয়। তবে শীতের প্রকোপে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে এমনটা বোধ হয় কেউ আশা করেননি মার্কিনিরা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় প্রত্যাবর্তন ওয়াশিংটন ক্যাপিটল ভবনের প্রাঙ্গণে খোলা আকাশের নিচে হওয়ার কথা ছিল। তবে তীব্র শীতের কারণে এই অনুষ্ঠান ভবনের অভ্যন্তরে আয়োজন করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
আগামী সোমবার (২০ জানুয়ারি) ভবনের ভেতরে ট্রাম্প শপথ নেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ৪০ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে এমন ঘটনার নজির নেই।
পৃথিবীর উত্তর গোলার্ধের আর্কটিক অঞ্চল থেকে ধেয়ে আসা শৈতপ্রবাহের কারণে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইটেরও ( মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) নিচে নামতে পারে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।
এ পরিস্থিতি মোকাবিলা করতেই অনুষ্ঠান ভেতরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়ছে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘দেশের ওপর দিয়ে আর্কটিক বায়ু বইবে সোমবার। আমি চাই না অভিষেক অনুষ্ঠানে এসে কেউ অসুস্থ হয়ে পড়ুক। এ জন্যই প্রার্থনাসহ সম্পূর্ণ আনুষ্ঠানিকতা ইউএস ক্যাপিটল রোটুন্ডা ভবনের অভ্যন্তরে আয়োজনের নির্দেশ দিয়েছি।’
এর আগে শেষবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ভবনের ভেতরে হয়েছিল ১৯৮৫ সালে। নির্বাচিত প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অভিষেকের দিন তাপমাত্রা হিমাঙ্কের ২৯ ডিগ্রি সেলসিয়াস নিচে পৌঁছানোয় আয়োজন খোলা প্রাঙ্গণে করা সম্ভব হয়নি।
তবে দর্শকদের জন্য ২০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন ক্যাপিটাল ওয়ান অ্যারিনা নির্ধারণ করা হয়েছে।
তবে নেতার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন সরাসরি দেখার সুযোগ না পাওয়ায় হতাশ রিপাবলিকান সমর্থকরা।
এই অভিষেক অনুষ্ঠানে প্রায় ২ লাখ ২০ হাজার টিকিট নির্ধারণ করা হয়েছিল। টিকিট ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ ছিল আড়াই লাখ মানুষের।
পরিকল্পনা পরিবর্তিত হওয়ায় নিরাপত্তাব্যবস্থাও নতুন করে সাজানো হচ্ছে বলে জানান অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র অ্যালেক্সি ওর্লি। সূত্র: রয়টার্স
নাইমুর/