ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। সম্প্রতি এমন বিস্ফোরক তথ্যই জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্স টুডে।
গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি। ওই প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলকে বিপুল পরিমাণের জ্বালানি তেলও সরবরাহ করে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের সদস্য জেরগারলিওগলু এরদোয়ানের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।
গাজা ইস্যুতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব এরদোয়ান। নেতানিয়াহু উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলেও তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল, তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তিনি। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে গাজায় হামলার ঘটনাকে কেন্দ্র করে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছিল আঙ্কারা।
পার্স টুডের প্রতিবেদন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। পার্স টুডের তথ্যানুসারে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহসংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। আর তা প্রকাশ করেছেন আঙ্কারার পার্লামেন্ট সদস্য জেরগারলিওগলু। সূত্র: এএফপি