যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত যোগাযোগ রাখছে, যাতে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের সঙ্গে কোনো বাজে আচরণ না করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য জানান। এর আগে দেশটির বিরোধীদলীয় নেতারা জানান, চলতি সপ্তাহে ভারতে ফেরত পাঠানো অভিবাসীদের সঙ্গে ভালো আচরণ করা হয়নি।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ১০৪ অবৈধ অভিবাসীকে নিয়ে বিমান অবতরণ করে। আর এক সপ্তাহ পরে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটনে বৈঠক হওয়ার কথা। এ রকম একটি সময়েই অবৈধ অভিবাসী ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।
জয়শঙ্কর পার্লামেন্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অভিবাসী ফেরত পাঠানোর যে প্রক্রিয়া অনুসরণ করেছে, তা নতুন কিছু নয়। তিনি দাবি করেন, ফেরত পাঠানোর সময় নারী ও শিশুদের আটকে রাখা হয়নি। তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করছি, যাতে ফেরত পাঠানোর সময় অভিবাসীদের সঙ্গে ফ্লাইটে কোনো ধরনের বাজে আচরণ না করা হয়।’
এর আগে বুধবার টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়, শিশু বাদে সব অভিবাসীকে ফ্লাইটে ফেরত পাঠানোর সময় হাতকড়া পরানো হয়েছিল। পাঞ্জাবের অজ্ঞাতনামা কর্মকর্তার বরাত দিয়ে ওই তথ্য জানানো হয়। এ ছাড়া ফেরত আসা অভিবাসীদের অমৃতসরে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা ভুগতে হয়।
দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষা ও জননিরাপত্তার জন্য অভিবাসন আইন প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া অভিবাসন আইন বিশ্বস্তভাবে প্রয়োগ করা যুক্তরাষ্ট্রের নীতি বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
অবৈধ অভিবাসী ইস্যুটিকে ট্রাম্প প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়েই অবৈধ অভিবাসীর খোঁজে ধরপাকড় শুরু হয়েছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ট্রাম্প-মোদির আলোচনাতেও বিষয়টি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স