বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, তা বাংলাদেশকে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘ভারতবিরোধী’ বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন তিনি। গত শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাহিত্য অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় জয়শঙ্কর বলেন, ‘আমরা অবশ্যই আমাদের প্রতিবেশীর সঙ্গে আছি। আমরা তাদের মঙ্গল কামনা করি। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি খুবই বিশেষ ইতিহাস, যা ১৯৭১ সালে শুরু হয়েছে।’
অনুষ্ঠানে আগত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের গত বছরের ঘটনা আপনারা জানেন। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়।’
তিনি বলেন, ‘দুটি বিষয় ভারতের জন্য খুবই উদ্বেগের। একটি হলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা। আমি মনে করি, এটি আমাদের চিন্তাভাবনার ওপর যথেষ্ট প্রভাব ফেলছে। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং আমরা তা বলছি। অপরটি বাংলাদেশের নিজেদের রাজনীতি। আপনি একমত হতে পারেন বা না হতে পারেন, দিন শেষে আমরা প্রতিবেশী। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য যদি প্রতিদিন সবকিছুর জন্য ভারতের ওপর দোষ চাপাতে থাকেন, আর কিছু কিছু বিষয়, আপনারা যদি খবরগুলো পড়েন, সবই হাস্যকর।’
এস জয়শঙ্কর বলেন, ‘আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি। আপনারা আমাদের প্রতিবেশী। আমরা চাই পরিস্থিতি শান্ত হোক। আমরা চাই বাণিজ্য, যোগাযোগ এবং অন্য বিষয় এগিয়ে যাক। কিন্তু যদি ক্রমাগত এমন বার্তা বা সংকেত দেওয়া হয়, যেটি ভারতের প্রতি শত্রুতামূলক, সেটি নিশ্চয় আমাদের ভালো লাগবে না।’ সূত্র: ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।