ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিখোঁজ হওয়া এফএ-৫০ যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। বিমানটি বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) দেশটি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপাইনের বিমান বাহিনী বলেছে, মঙ্গলবার (৪ মার্চ) রাতে বুকিডন প্রদেশে মিশনে থাকা অন্য জেটগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই এফএ-৫০ ফাইটারের। তবে দুর্ঘটনা কখন ঘটেছে সেটি সুস্পষ্ট নয়।
সামরিক কর্মকর্তারা জানান, জেট ফাইটারের ধ্বংসাবশেষ এবং দুই পাইলট বুধবার দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পাহাড়ে পাওয়া গেছে।
বিমানবাহিনীর মুখপাত্র কনসুয়েলো কাস্তিলো এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ‘ধ্বংসাবশেষ থেকে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা।'
তবে আসল কারণ জানতে তদন্ত চলছে। এই দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি ১১টি এফএ-৫০ জেট গ্রাউন্ডেড করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে নিজেদের সামুদ্রিক সীমানা রক্ষার জন্য দেশটির সক্ষমতা উন্নত করতে সামরিক আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসাবে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ১২টি এফএ-৫০ ফাইটার কিনেছিল ফিলিপাইন।
সূত্র: রয়টার্স
দিনা/অমিয়/