হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে, তারা রবিবার (১৬ মার্চ) উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এটির সাথে থাকা যুদ্ধজাহাজ লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ,ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ শুরু করেছে।
এক সংবাদ সম্মেলনে হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তারা এই হামলাটি চালায়। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ৪৭টিরও বেশি মার্কিন বিমান হামলার প্রতিশোধ নেয়া হলো। যার মধ্যে রাজধানী সানা এবং সৌদি আরবের সীমান্তবর্তী সাদা প্রদেশও রয়েছে।
গোষ্ঠীটির মুখপাত্র জানান, তাদের হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়। তবে রণতরীতে হুতি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছে।
এদিকে গত রবিবার ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে হুতিদের পাল্টা হামলার দাবি অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন কর্মকর্তারা জানান, হুতিদের ছোড়া প্রায় ১১টি ড্রোন ভূ-পাতিত করা হয়। যুদ্ধজাহাজটিতে একটি ড্রোনও আঘাত হানতে পারেনি।
তাছাড়া ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। যার ক্যাপশনে লেখা হয়, ‘ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সেন্টকম সেনারা।’
২০১৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুতিরা। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের তিন শতাধিক বাণিজ্য জাহাজে হামলা চালায় হুতিরা।
হুতিদের হামলা শুরু হওয়ার আগে লোহিত সাগর দিয়ে বছরে ২৫ হাজারের বেশি জাহাজ যাতায়াত করত। হামলা শুরুর পর সেই সংখ্যা ১০ হাজার বা তারও কম হয়ে আসে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৭৫ শতাংশ জাহাজ এখন এই পথ এড়িয়ে চলে। বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে যেতে হয়, যে কারণে জাহাজগুলোকে আগের তুলনায় ১০ দিন বেশি যাত্রা করতে হয়। ফলে প্রতি ট্রিপে অতিরিক্ত ১০ লাখ ডলার খরচ হয়।
দিনা/