নাসার সহযোগিতায় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আগামী মে মাসে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে রওনা হবেন। ভারতের মন্ত্রী ড. জিতেন্দ্র সিং তথ্যটি জানান। শুভাংশু ৮ মাস ধরে নাসা ও বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। শুভাংশুকে যে মিশনের জন্য মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে তা একটি বেসরকারি বাণিজ্যিক মিশন এবং এর জন্য ভারত প্রায় ৬০ মিলিয়ন ডলার খরচ করেছে।
মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘ভারত তার মহাকাশ যাত্রায় একটি নির্ণায়ক অধ্যায় রচনা করতে প্রস্তুত। ১৯৮৪ সালে সোভিয়েত সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার আইকনিক যাত্রার চার দশক পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় এবং মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় নভোচারী হবেন।’
৪০ বছর বয়সী শুভাংশু শুক্লা ইসরোর নির্বাচিত সর্বকনিষ্ঠ নভোচারী। মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। তিনি এখন অ্যাক্সিওম স্পেসে কর্মরত।
আইএসএসে যেতে চারজনের দলটি স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল ব্যবহার করবে। ক্যাপসুলটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। মিশনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার পরিচালিত হবে।