পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাহালগাম হামলার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তার দেশের বিরুদ্ধে ভারতীয় পদক্ষেপগুলোর জন্য প্রমাণ দাবি করেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘ভারত রাজনৈতিক কারণে এই হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে এবং সিন্ধু জলচুক্তি বন্ধ করতে চাইছে।’
এদিকে কাশ্মীরের পাহালগামে ২৬ জন পর্যটক হত্যার পর পাকিস্তান-ভারত সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।
ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং ইসলামাবাদকে দায়ী করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, জঙ্গিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
ভারতের পানিসম্পদমন্ত্রী সিআর পাতিল এই ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানে সিন্ধু নদের পানি পাঠানোর কোনো সুযোগ রাখা হবে না। এ ছাড়া ভারতীয় সেনাবাহিনী দাবি করছে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
পাহালগাম হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযানে নেমেছে এবং গতকালই লস্কর কমান্ডার শাহিদ আহমেদসহ পাঁচ হামলাকারীর বাড়ি ধ্বংস করা হয়েছে।
উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত-পাকিস্তান এই সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করবে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
তাওফিক/