প্রচণ্ড গোলাগুলির কারণে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানান, বুধবার (৭ মে) ভোরে ভারতের বিমান হামলার পর গোলাবর্ষণের মাত্রা বেড়ে গেছে।
বৃহস্পতিবার (৮ মে) বিবিসি এই খবর জানায়।
ভারত বলছে, পাহালগামে হামলার পর গত প্রায় ১৪ দিন ধরে সীমান্তবর্তী ভারতীয় পোস্টগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে ভারত। তবে ইসলামাবাদ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
স্থানীয় এক বাসিন্দা সুফরিন আখতার বিবিসিকে জানান, গোলা এসে তাদের বাড়ির সামনে পড়তেই তিনি ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যান।
তিনি বলেন, ‘আমরা কোনো গাড়ি পাইনি। মাইলের পর মাইল হেঁটে নিরাপদ স্থানে যেতে হয়েছে। আমি পুরো পথ কান্না করেছি, চারদিকেই গোলাবর্ষণ হচ্ছিল।’
তাদের সঙ্গে আরও অনেকে পুঞ্চ থেকে পালিয়ে গত ৪৮ ঘণ্টায় আত্মীয়-স্বজনের কাছে সুরান কোটে আশ্রয় নিয়েছেন। সুরান কোট সীমান্ত থেকে দূরে হওয়ায় সেখানে গোলাবর্ষণের ঝুঁকি তুলনামূলক কম।
স্থানীয়রা জানান, এখন পর্যন্ত অন্তত ৮০ জন পালিয়ে এসেছেন। আরও অনেকেই আসবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ভারত বলছে, পাকিস্তানের সেনারা ছোট অস্ত্র ও আর্টিলারি বন্দুক দিয়ে জম্মু-কাশ্মীরের একাধিক সেক্টরে গুলি চালাচ্ছে। পাল্টা যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। তারা রকেট লঞ্চার থেকে মর্টার ছুড়ছে পাকিস্তানকে লক্ষ্য করে। সূত্র: বিবিসি
সুলতানা দিনা/অমিয়/