ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার (৮ মে) গাজা উপত্যকাজুড়ে অন্তত ১২ জন ফিলিস্তিনি মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে প্রাণ হারান শতাধিক মানুষ।
আল-জাজিরার খবর বলছে, বৃহস্পতিবার (৮ মে) ইসরায়েলি হামলায় মধ্য গাজার দেইর এল-বালাহ, নুসেইরাত শরণার্থী শিবির, শুজাইয়া, গাজা সিটির পূর্বাঞ্চল ও বেইত লাহিয়াতে হতাহতের ঘটনা ঘটেছে।
এসব হামলার মধ্যে বেইত লাহিয়াতে আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ওই ভবনটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এক নারী আটকা পড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত রবিবার ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়েছিল। ক্ষেপণাস্ত্রটি দেশটির মূল বিমানবন্দরের কাছে আঘাত হানার পর থেকেই ইসরায়েলে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বেশ কিছু বিমান সেবাদাতা প্রতিষ্ঠান।
এর আগেও বেশ কিছু বিদেশি বিমান সেবাদাতা ইসরায়েলে ফ্লাইট বন্ধ রেখেছিল।
তবে জানুয়ারিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর তারা আবার সেবা দিতে শুরু করে। নতুন বাস্তবতায় তা আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা