পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল তাদের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রইয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, লাহোর ও তার কাছাকাছি ‘ড্রোন বিস্ফোরণ’ এবং ‘আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের’ খবর পাওয়া গেছে। এসব কারণেই দূতাবাস কর্মীদের সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানায়।
মার্কিন কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, লাহোরের প্রধান বিমান বন্দরের কাছে কিছু এলাকা কর্তৃপক্ষ ইতোমধ্যে খালি করছে বলেও প্রাথমিক প্রতিবেদনে জানা যায়।
এছাড়া সংঘাতপূর্ণ এলাকা ত্যাগ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয় যখন পাকিস্তান বৃহস্পতিবার জানায়, তারা তাদের আকাশসীমায় ভারত থেকে পাঠানো ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে ভারত বলছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রচেষ্টা তারা নিষ্ক্রিয় করেছে। সূত্র: রয়টার্স
সুলতানা দিনা/