দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির পরিবহনমন্ত্রী ও বিমান পরিচালনা সেবার প্রধান নির্বাহীসহ ১৫ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে নিহতদের পরিবার। ওই তালিকায় সরকারি কর্মকর্তা ও বিমানবন্দরের কর্মীরাও রয়েছেন।
গত বছরের ২৯ ডিসেম্বর মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়, হঠাৎ করে পুরো বিমানটি আগুনের গোলায় পরিণত হয়। নিহতদের ৭২ জন স্বজন ওই বিমান বিধ্বস্তের ঘটনায় আরও সুচারু তদন্তের দাবি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় ওই বিমানটি বিধ্বস্ত হয়ে ১৭৯ জন মারা যান। বিমানে মোট যাত্রী ছিলেন ১৮১ জন।
বিমান বিধ্বস্তের ঘটনাটি কোনো নিছক দুর্ঘটনা নয় বলে উল্লেখ করেছেন নিহতদের স্বজনরা। তারা বলেছেন, ব্যবস্থাপনার ব্যাপক ঘাটতির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ মাস হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ বের করতে পারেনি।
এই অভিযোগ দায়েরের আগেই পুলিশের পক্ষ থেকে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং জেজু এয়ারের প্রধান নির্বাহী কিম ই-বায়ের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র: বিবিসি