পাহালগাম হত্যাকান্ডের জেরে পাল্টাপাল্টি হামলা আর সংঘাত বন্ধ করে ভারত-পাকিস্তান দুই দেশ যুদ্ধ-বিরতিতে সম্মত হলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় উভয় দেশের সম্পর্কে এখনও বেশ শীতল। দুই দেশই একে অপরের বিরুদ্ধে এসব নিয়ে এখনও উত্তপ্ত মন্তব্য করছে।
এমন অবস্থায় পানি চুক্তি স্থগিত নিয়ে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান।
সিন্ধু নদের পানি চুক্তিকে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হিসেবেও উল্লেখ করে ইসলামাবাদ জানায়, ভারতের এই পদক্ষেপের কারণে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ।
রবিবার (২৫ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি বলছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ২৪ কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে বলে জাতিসংঘকে সতর্ক করেছে পাকিস্তান।
শুক্রবার (২৪ মে) জাতিসংঘে ‘সশস্ত্র সংঘাতে পানিসম্পদ সুরক্ষা’ বিষয়ে আয়োজিত এক বৈঠকে পাকিস্তান এই উদ্বেগের কথা তুলে ধরে। দেশটি এমন পদক্ষেপ যেন কোন ধরণের মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি না করতে পারে তার প্রেক্ষিতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়।
এসময় জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, ‘এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, চুক্তির আইন এবং রীতিনীতিভিত্তিক আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আমরা ভারতের এই বেআইনি ঘোষণা — সিন্ধু চুক্তিকে কার্যত স্থগিত করার — তীব্র নিন্দা জানাই। আমরা ভারতের কাছে জোর দাবি জানাই, তারা যেন আইনি বাধ্যবাধকতা মেনে চলে এবং পাকিস্তানের জন্য জীবনরেখাসম এই নদীগুলোর পানির প্রবাহ থামানো, ঘুরিয়ে দেওয়া বা বাধা দেওয়ার মতো কোনও পদক্ষেপ না নেয়। পাকিস্তান এ ধরনের কোনও পদক্ষেপ কখনোই মেনে নেবে না।’
তিনি আরও উল্লেখ করেন, ভারতের শীর্ষ নেতৃত্বের কিছু মন্তব্য উদ্বেগজনক। উদাহরণস্বরূপ, ‘পাকিস্তানিদের না খাইয়ে মারার’ মতো মন্তব্য ‘বিকৃত ও বিপজ্জনক মানসিকতা’র পরিচায়ক।
এছাড়া পাকিস্তান জাতিসংঘকে বিশ্বজুড়ে যাতে কোনো দেশ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে- এ বিষয়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানায় ।
উসমান জাদুন নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত এমন পরিস্থিতিগুলোর ওপর নজর রাখা, যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা বিপন্ন হতে রে বা মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।’
উসমান জাদুন আরও বলেন, ‘এটা দুঃখজনক যে— একটি দেশ পানিকে এখন কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।’ সূত্র: দ্য ডন
সুলতানা দিনা/