ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আইপিএলের জয় উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন।
বুধবার (৪ জুন) সন্ধ্যায় শহরের এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের খেলোয়াড়দের এক নজর দেখতে হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের বাইরে ভিড় জমান। জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি বিশৃঙ্খল রূপ ধারণ করে। একাধিক প্রবেশপথে জনতা ঢোকার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। এ সময় হুড়োহুড়ির মধ্যে পদদলনের ঘটনা ঘটে।’
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘আরসিবির আইপিএল জয়ের আনন্দ এক মুহূর্তেই শোকাবহ ঘটনায় পরিণত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। দলের প্রতি ভালোবাসা থাকুক, কিন্তু জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। আমি সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশের জন্য টিকিট ছাড়াই বহু মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। কেউ কেউ দেয়াল ও বেড়া বেয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ বারবার অনুরোধ করলেও ভক্তরা তা না শুনে আরও অস্থির হয়ে ওঠেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মেট্রো স্টেশন ও রাস্তার ভিড় রাজনৈতিক সমাবেশ বা উৎসবের মিছিলে রূপ নিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জনসমাগমের পূর্বপ্রস্তুতির অভাব ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডে
সুমন/