রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে মঙ্গলবার (১০ জুন) ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে ‘অন্যতম বৃহত্তম’ বলে অভিহিত করেছেন। ওই হামলায় ৩১৫টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।
সিএনএনের প্রতিবেদন বলছে, কিয়েভকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওদেসা থেকেও হামলার খবর এসেছে। সেখানে এক মাতৃসদন হামলার কবলে পড়েছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের রাজধানীর সাতটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুতল ভবন, বাড়ি, গাড়ি ও ওয়্যারহাউস পুড়ে গেছে। খবরটি নিশ্চিত করেছেন কিয়েভ শহরের সামরিক প্রশাসক তিমুর তেকাচেঙ্কো। তিনি বলেছেন, রাতটি সবার জন্যই কঠিন ছিল।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো জানান, হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আজ কিয়েভে অন্যতম বড় হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের রাশিয়াকে শান্তিতে রাজি করানোর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন।’
কিয়েভে হামলার পর কয়েক ঘণ্টা ধরে সতর্ক সংকেত বাজানো হয়। কিয়েভের বাসিন্দারাও রাতভর বিস্ফোরণের শব্দ শুনেছে। সিটি সেন্টারে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিরতিহীনভাবে সচল ছিল।
এদিকে ওদেসায় রাশিয়ার হামলায় অন্তত দুই ব্যক্তি মারা গেছেন ও ৯ জন আহত হয়েছেন। ওই অঞ্চলের আইনজীবী দপ্তর থেকে এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে তথ্যটি। এ ছাড়া মাতৃসদনে হামলা হওয়ার খবরটি জানিয়েছেন চিফ অব প্রেসিডেনশিয়াল স্টাফ।
বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা এক ভিডিও ফুটেজে ওই হাসপাতালে এক নারীকে ভাঙা কাচ পরিষ্কার করতে দেখা গেছে। ওদেসার ৭৮ বছর বয়সী বাসিন্দা ভায়োলেটা বলেছেন, পুরো রাতটি ভয়ঙ্কর ছিল। গাড়িসহ আমার গ্যারেজ ধ্বংস হয়ে গেছে। আমরা খুবই খারাপ সময় পার করেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি আঘাত পাইনি। সময়মতো সতর্ক সংকেত শুনেছিলাম এবং হলওয়েতে লুকিয়েছিলাম। একবারে যথাযথ সময়ে, কারণ আমার অ্যাপার্টমেন্টের ছাদ ধসে পড়েছে।’
ভায়োলেটা এ কথাগুলো বলার সময় তার গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। সেটি ছিল ধ্বংসস্তূপের নিচে। তিনি আরও বলেন, আমি ওদেসায় অন্যান্য বিস্ফোরণের শব্দও শুনেছি। তবে কোনোটিই এটির মতো ছিল না। এটি এত কাছে হয়েছে। আমার প্রতিবেশী এক ছেলে আহত হয়েছে। তার কাঁধ কেটে গেছে কাচের আঘাতে। গত রাতে তাকে সেলাই দিতে নিয়ে যাওয়া হয়েছে।
এ ছাড়া ৬০ বছর বয়সী লুদমিলা জানান, তিনি খুব জোরে বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। ড্রোন আঘাত হানার পরপরই গ্লাস ও প্লাস্টার চারদিকে ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া দুটি কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। এ ছাড়া পাঁচটি ইস্কান্দার-কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গত সোমবারও ইউক্রেনকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সে দিন ৪৭৯টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। সূত্র: সিএনএন