ইসরায়েল এবার সরাসরি যুদ্ধবিমান দিয়ে শনিবার (১৪ জুন) গভীর রাতে ইরানের রাজধানী তেহরানের ব্যস্ততম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে।
এএফপি-এর একটি ব্রেকিং রিপোর্ট অনুসারে, ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পরই বিমানবন্দরের ভেতরে এবং আশেপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন, হামলার পর বিমানবন্দর চত্বরে একাধিক জায়গায় আগুন লেগে যায়। এসময় রাতের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এছাড়া, ইরানের সংবাদ সংস্থা ইসনা এই হামলার একটি ভিডিও শেয়ার করে যেখানে পশ্চিম তেহরানের বিমানবন্দর এলাকা থেকে ভারী ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
মেহরাবাদ বিমানবন্দরে হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মাত্রাকে আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, পশ্চিম তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি ইরান বেসামরিক এবং সামরিক দুই উদ্দেশ্যেই ব্যবহার করে থাকে। এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক নোড হিসাবে বিবেচিত হয়।
তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এবং ইরানি কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
শুক্রবার ভোর থেকে, ইসরায়েলি বিমান বাহিনী তেহরান এবং ইরানের আরও কয়েকটি শহরে একাধিক হামলা চালিয়েছে। এই হামলার ফলে, প্রায় ২৪ ঘন্টা ধরে ইরানের বিমানবন্দরগুলোতে সব ধরণের বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইরানি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে ঘোষণা করে, ‘আমরা সমস্ত ইরানি নাগরিককে অবহিত করছি যে, জীবন রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।’
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তার দেশকে ‘সংযম’ দেখাতে বলাটা ‘অযৌক্তিক’।’ নিজ দেশে ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে টেলিগ্রামে দেয়া এক পোস্টে ওই বৈঠকের প্রসঙ্গ টেনে এ কথা লিখেন তিনি।
এই পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিক্রিয়া ‘দৃঢ়’ হবে।’
গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। নৃশংস এই হামালায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
সুলতানা দিনা/