যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আলোচনার জন্য দুই সপ্তাহের একটি সময়সীমা ঘোষণা করলেও দুই পক্ষের হামলা অব্যাহত রয়েছে।
শুক্রবার (২০ জুন) ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। হামলার শুরুটা করে ইসরায়েল। পরে পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল তাদের হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে। তবে ইরানের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের হামলায় বির শেভা সেন্ট্রাল রেলস্টেশন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া বির শেভায় মাইক্রোসফটের কার্যালয়ের পাশে একটি এলাকায় হামলা হয়েছে। এতে ওই এলাকার কয়েকটি ভবন ও অনেক যানবাহন বিধ্বস্ত হয়।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে জেনেভায় বৈঠকে বসেছেন বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল যখন হামলা চালিয়ে যাচ্ছে, তখন ইরান কারও সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত নয়। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’
ইসরায়েলের হামলা বন্ধ হলেই কূটনৈতিক পথ খুলবে: জেনেভা আলোচনায় ইরান
সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ইরানের প্রতিনিধিরা জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ হলেই কূটনৈতিক পথ খুলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপের বৈঠক সম্মানজনক এবং গুরুত্বপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সব দলই তাদের মতামত ব্যক্ত করেছে। এ ছাড়া ‘কিছু বিষয়ের ক্ষেত্রে আরও স্পষ্টতা প্রয়োজন, যা কূটনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সহায়ক হবে।’
বিশেষ করে ইউরোপের তিন দেশ (যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স) যারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করেছে, তারা এখনো একটি ঐতিহাসিক ভূমিকা পালনের এবং কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে আরেকটি বৈঠকের আশা করছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে, ‘ইরান কখনো আলোচনা থেকে সরে দাঁড়ায়নি এবং আলোচনার এই পর্ব কূটনৈতিক সংলাপের ইতি নির্দেশ করে না।’
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান সমাধানের জন্য আলোচনায় আগ্রহী
জেনেভায় বৈঠকের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সাংবাদিকদের জানান, তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং আরও বিস্তৃত বিষয়ে আলোচনার ইচ্ছাও দেখিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা আশা করি, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকবে- এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও। যাতে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়। কারণ এই সংকট কেবল মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি বিপজ্জনক সময় এবং এই সংঘর্ষে যেন আঞ্চলিক উত্তেজনা না বাড়ে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ইউরোপীয় নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, ‘ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’
নিরাপত্তা পরিষদে ইসরায়েল ও ইরানের তীব্র বাগবিতণ্ডা, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা একে অপরকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষই তাদের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইরান যতদিন প্রয়োজন, ততদিন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে। তিনি ইসরায়েল ও তার মিত্রদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
ইরাভানির পর বক্তব্য রাখতে গিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরানি রাষ্ট্রদূত নিজেকে ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপন করছেন, যা একেবারেই অযৌক্তিক। তিনি বলেন, ‘আপনারা কীভাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের সেই পরিণতি থেকে রক্ষা চাইছেন, যা এসেছে আপনাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে? আপনি কোনো কূটনীতিক নন, আপনি একজন নেকড়ে, যিনি কূটনীতিকের ছদ্মবেশে এসেছেন।’
ড্যানন আরও বলেন, ‘ইসরায়েল থামবে না- যতক্ষণ না ইরানের পারমাণবিক হুমকি দূর হচ্ছে, যতক্ষণ না তাদের যুদ্ধযন্ত্র নিষ্ক্রিয় করা হচ্ছে এবং আমাদের জনগণ ও ইরানিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ইসরায়েলের হামলা ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ‘চূড়ান্ত সুযোগ’।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, এই সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি উভয় পক্ষকে সহিংসতা বন্ধ করে গুরুত্ব-সহকারে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই সংঘর্ষের বিস্তার এমন একটি আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি যুদ্ধ বন্ধের এবং সংলাপে ফিরে যাওয়ার আবেদন জানাই।’
ইরানে হামলায় অংশ নেয় ৬০ যুদ্ধবিমান
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, প্রায় ৬০টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশে ছিল। সেগুলো তেহরান ও ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই হামলায় প্রায় ১২০টি বোমা বা অস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো ইরানের সামরিক মিসাইল উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিক্ষেপ করা হয়। আইডিএফের মতে, ইরানের পারমাণবিক গবেষণা সংস্থার প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তেহরানের একটি ভবনে হামলায় একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করেছে। আইডিএফের দাবি, তারা সর্বশেষ যে পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে, সেটি ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাজে জড়িত ছিল।
ইরানের ৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল ইসরায়েলি হামলায় পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কোন কোন হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে সিএনএন। ইরানি রেড ক্রিসেন্টের পরিচালক পির হোসেন কোলিভান্দ বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘বিস্ফোরণের ফলে হাসপাতালগুলোর কাচের জানালা ভেঙে পড়ে এবং ধোঁয়ার কারণে অনেক রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়।’
তিনি বলেন, এই ঘটনাগুলো আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে। তিনি বলেন, ‘হামলাগুলোর তথ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রামাণ্য দলিল হিসেবে পাঠিয়েছি।’ গত বৃহস্পতিবার সোরোকা হাসপাতালে হামলার জন্য ইরানের ওপর দায় চাপালেও নিজেদের একই ধরনের অপরাধের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ইসরায়েল সরকার।
টেকপার্ক নিশানা করে হামলা ইরানের
খবরে বলা হয়েছে, পাল্টা জবাবে ইরান গতকাল ইসরায়েলের প্রধান শহরগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংবাদদাতারা বলছেন, ইরানের গতকালের ক্ষেপণাস্ত্র হামলা ছিল বেশ ভয়াবহ। তেল আবিব, জেরুজালেম, দক্ষিণ নেগেভ অঞ্চল ছাড়াও উপকূলীয় হাইফা শহরেও হামলা চালানো হয়। এখানে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৯ জন। দুজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি হামলায় দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের অবিলম্বে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, ‘এই মুহূর্তে বিমানবাহিনী হুমকি দূর করার জন্য যেখানেই প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।’ তেল আবিব থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ঘন ধোঁয়া উঠছে। জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বির শেভা শহরে গাভ-ইয়াম অত্যাধুনিক প্রযুক্তি পার্কের কাছে আঘাত হানে। সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলের এই শহরে গত বৃহস্পতিবারও হামলা চালানো হয়েছিল। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল আক্রান্ত হয়।
শুক্রবারও একই জায়গায় আঘাত হানে ইরান। এবার টার্গেট করা হয় হাই-টেক পার্ক, যেটি হাসপাতালের খুব কাছাকাছি। গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বির শেভায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে মাইক্রোসফটসহ বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়। সর্বশেষ, হামলায় ২০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের আশ্রয় নিতে বাধ্য করা হয়।
‘আস্থার সংকট’ দেখছেন জাতিসংঘ মহাসচিব
ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুতগতিতে’ সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’ গুতেরেস আরও বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’। ‘ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।’
ইরানকে চার দফা প্রস্তাব দেবে ফ্রান্স: মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স। প্যারিসের বাইরে লে বোর্গেটে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরানকে দেখাতে হবে যে তারা আলোচনার টেবিলে যোগ দিতে ইচ্ছুক।’ তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা। মাখোঁর মতে, এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে গঠিত।
১. জাতিসংঘের পারমাণবিক সংস্থার (আইএইএ) মাধ্যমে ইউরেনিয়ামের ‘শূন্য সমৃদ্ধকরণ’-এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আবারও শুরু করা। ২. ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের তদারকি। ৩. এই অঞ্চলে প্রক্সি জঙ্গিগোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন বন্ধ করা। ৪. ইরানের কারাগারে বন্দি বিদেশি নাগরিকদের মুক্তি।
যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে।’ তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না। ইরানের সংবাদমাধ্যম আইআরএনএকে আরাগচি বলেন, ‘আমেরিকানরা আলোচনা চায় এবং বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে ‘আগ্রাসন বন্ধ না হওয়া’ পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই।’
দ্বিতীয় সপ্তাহে গড়াল যুদ্ধ
তেহরান পারমাণবিক অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে এবং এমন অস্ত্র ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলে জানিয়ে ১৩ জুন শুক্রবার আচমকাই ইরানে হামলা করে বসে ইসরায়েল। সেদিন থেকে তারা ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাশাপাশি তারা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদেরও টার্গেট করছে। তাদের হামলার পাল্টায় ইরানও জবাব দিচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।
ইরানে দূতাবাস বন্ধ করল ৬ দেশ
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে তেহরানে অবস্থিত বিদেশি দূতাবাসগুলো একে একে তাদের কার্যক্রম স্থগিত করছে। বুলগেরিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগালের পর এবার অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও এই তালিকায় যুক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, তার সরকার তেহরানের দূতাবাস থেকে সব অস্ট্রেলিয়ান কর্মকর্তাকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া সমন্বয় করার জন্য রাষ্ট্রদূত এই অঞ্চলে থাকবেন। একই সঙ্গে ইরানে থাকা সব অস্ট্রেলিয়ান নাগরিককে নিরাপদে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রও তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে।
এই পদক্ষেপগুলো কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে ও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে ক্ষীণ করে তুলছে। ইরানে অবস্থানরত দেড় হাজার অস্ট্রেলিয়ান ও তাদের পরিবার ইরান ছাড়ার জন্য সহায়তা চেয়েছে। এদিকে ‘নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য ইরান থেকে তাদের কূটনৈতিক কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আমরা ইরান থেকে আমাদের যুক্তরাজ্যের কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহারের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।
ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান
সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান। যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে। গতকাল শুক্রবার বিবৃতিতে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগ্রাসনকারী শত্রুরা যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে, সে জন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।’
‘দীর্ঘ যুদ্ধের’ কথা বললেন ইসরায়েলি সেনাপ্রধান
ইরানের সঙ্গে ইসরায়েলিদের ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বলেছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। গতকাল শুক্রবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল তারা।’ ইয়ার জামির দাবি করেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। ইরানের সক্ষমতা ধ্বংস করতে দীর্ঘ সময় লাগতে পারে। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’