তেহরানের ক্যাফে থেকে শুরু করে পার্লামেন্ট ভবনের করিডর—সব জায়গায় সবার মুখে একটাই প্রশ্ন—‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায়?’
গত সপ্তাহে দেশজুড়ে অনেক কিছু ঘটে গেছে। আর এখন যুদ্ধবিরতি চললেও আয়াতুল্লাহ আলী খামেনির দেখা নেই। নেই কোনো বার্তা। নেই কোনো ছবি।
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে উপস্থিত হয়েছেন খামেনির দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজায়েলির। তার কাছে উপস্থাপক সোজা প্রশ্ন করলেন, ‘মানুষ খুব উদ্বিগ্ন। সর্বোচ্চ নেতার অবস্থা কী?’
ফাজায়েলির উত্তর রহস্যে মোড়া-‘আমার কাছেও অনেক প্রশ্ন এসেছে। আমাদের সবার দোয়া করা উচিত। যারা তার নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা ঠিকঠাক কাজ করছেন। ইনশা আল্লাহ, আমাদের মানুষ বিজয় উদ্যাপন করবে তাদের নেতার পাশে দাঁড়িয়ে।’
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনিই দেশের সব বড় সিদ্ধান্তের শেষ কথা বলেন। অথচ গত এক সপ্তাহে দেশের বড় বড় সংকটের মধ্যেও তিনি প্রকাশ্যে দেখা দেননি বা কোনো বক্তব্য দেননি। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়, যা মঙ্গলবার (২৪ জুন) থেকে কার্যকর হয়।
এসব ঘটনার মধ্যেও খামেনি নিখোঁজ। সরকারি কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার কারণে তিনি বাংকারে অবস্থান করছেন এবং ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন, যাতে তাকে টার্গেট করে হত্যা করা না যায়। কিন্তু তার এই অনুপস্থিতি সবাইকে আতঙ্কিত করে তুলেছে।
রাজনীতি ও সামরিক অঙ্গনে চাপা গুঞ্জন—তিনি কি বেঁচে আছেন? আহত? নাকি...!
ইরানের ভবিষ্যৎর ‘খানেমান’ নামে একটি রিয়েল এস্টেটভিত্তিক দৈনিক পত্রিকার সম্পাদক মোহসেন খালিফে বলেন, ‘তার কয়েক দিনের অনুপস্থিতি আমাদের মতো যারা তাকে ভালোবাসি, তাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।’ তিনি বলেন, ‘যদি খামেনি মারা যান—যা দুই সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল—তবে তার জানাজা হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহাসিক।’
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির অনুমতি ছাড়া দেশ এমন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তের পেছনে তার মতামত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
কারণ, সেনা কর্মকর্তারা এবং সরকারের উচ্চপর্যায়ের অনেকেই নিশ্চিতভাবে বলতে পারছেন না, তারা সাম্প্রতিক সময়ে খামেনির সঙ্গে সরাসরি দেখা করেছেন কি না বা কথা বলেছেন কি না।
ইরানের প্রভাবশালী সামরিক উপদেষ্টা জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে ও সামরিক বিশ্লেষক হামজা সাফাভি বলছেন, ইসরায়েলের হাত থেকে বাঁচতে খামেনি বাংকারে। বাইরে যোগাযোগ সীমিত। কিন্তু কেউ নিশ্চিত নয়—তিনি আদৌ সিদ্ধান্ত নিচ্ছেন কি না।
সাফাভি আরও জানান, দেশের সংকট মোকাবিলায় এখন ‘বাস্তববাদী’ চিন্তা-ভাবনা গুরুত্ব পাচ্ছে। যার অর্থ, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অন্য নেতাদের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। তারপরও অনেক খামেনি-সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, একে-অপরকে বার্তা পাঠাচ্ছেন। বলছেন, খামেনিকে না দেখে বা না শুনে তারা মনে করতে পারছেন না যে, ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জয় করেছে।
সরকারের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী আলোচনায় যুক্ত চার শীর্ষ ইরানি কর্মকর্তা জানান, খামেনির অনুপস্থিতিতে রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে—কেউ কেউ পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিতে চায়, কেউ আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পক্ষপাতী।
এই মুহূর্তে যে পক্ষ কিছুটা এগিয়ে আছে, তারা কূটনৈতিক সম্পর্ক জোরদার ও মধ্যপন্থার পক্ষে। এর নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় ফিরতে রাজি হয়েছেন, এমনকি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পরও। এই শিবিরে আছেন বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-ইজেই এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আবদোররহিম মুসাভি।
গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুদ্ধ এবং জনগণের ঐক্য ইরানের জন্য ‘শাসনব্যবস্থা এবং কর্মকর্তাদের আচরণে’ পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য শাসনব্যবস্থার দৃষ্টিভঙ্গি বদলানোর সোনালি সুযোগ।’
এদিকে, ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর দেশজুড়ে যে জাতীয়তাবাদী আবেগ তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে সরকার। গত মঙ্গলবার তেহরানের ‘আজাদি স্কয়ারে’ (স্বাধীনতা স্কয়ার) জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রা খোলা জায়গায় সংগীত পরিবেশন করে। এরপর স্কয়ারের মাঝখানের স্মৃতিস্তম্ভে আলোক প্রক্ষেপণের মাধ্যমে জরুরি উদ্ধারকর্মীদের ছবি দেখানো হয়।
তবে, ক্ষমতা দখলের প্রতিযোগিতায় অন্য গোষ্ঠীগুলোও রয়েছে। এর মধ্যে রয়েছে কট্টরপন্থী নেতা সাঈদ জলিলির নেতৃত্বাধীন একটি শক্তিশালী রক্ষণশীল গোষ্ঠী। তারা প্রকাশ্যে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করছে। তারা যুদ্ধবিরতিকে ‘হঠাৎ সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পারমাণবিক আলোচনা শুরু করার কড়া বিরোধিতা করেছে।
এমন অবস্থায়, সবার নজর এখন আশুরার দিকে। সময় যত গড়াচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে। খামেনি কি আশুরার আগেই সামনে আসবেন? নাকি ইরানের ভবিষ্যৎ নিয়েই শুরু হবে এক নতুন অধ্যায়?
সুলতানা দিনা/